একটা গল্প, যা বদলে দেবে সবকিছু: শাকিব খান

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। আসন্ন ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে নির্মিত এই ছবিটি নিয়ে শনিবার (২ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে বড় এক চমক দিয়েছেন নায়ক নিজেই।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিব খান ৫৪ সেকেন্ডের একটি মোশন টিজার প্রকাশ করেছেন। ভিডিওর শুরুতেই বজ্রপাত ও বৃষ্টির আবহের সঙ্গে শোনা যায় ইলেকট্রিক গিটারের সুর। সেখানে শাকিব খানকে দেখা গেছে এক বিধ্বংসী রকস্টার অবতারে, যেখানে তিনি হাজারো ভক্তের উপস্থিতিতে কনসার্টে গান গাইছেন। ব্যাকগ্রাউন্ডে শোনা যায়, ‘আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও’ লিরিকের একটি গান।

ভিডিওর শেষে জানানো হয়, আগামী ৫ মে প্রকাশ পাবে সিনেমাটির অফিশিয়াল টিজার। ক্যাপশনে শাকিব লিখেছেন, ‘একটা গল্প, যা বদলে দেবে সবকিছু! আসছে খুব শিগগিরই।’

সান কমিউনিকেশনের প্রযোজনায় ‘রকস্টার’ পরিচালনা করছেন আজমান রুশো। আয়মান আসিব স্বাধীনের চিত্রনাট্যে এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর। এছাড়াও একটি বিশেষ চরিত্রে রয়েছেন মিস ইউনিভার্স প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা।