মুক্তির পর নতুন বিতর্কে ‘প্রিন্স’, সেন্সর সনদ স্থগিত

বিতর্ক যেন পিছুই ছাড়ছে না শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’র। বীভৎসতা, অশালীনতা এবং সেন্সর বোর্ডের অনুমোদন না মেনে দৃশ্য সংযোজনের অভিযোগে এবার ছবিটির সেন্সর সনদই সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের দাবি, অনুমোদিত সংস্করণের বাইরে গিয়ে ছবিতে নতুন গান ও সহিংস কিছু দৃশ্য যোগ করা হয়েছে। এমনকি ধূমপান ও মাদক সেবনের সতর্কবার্তাও পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগের তালিকায় রয়েছে—চাপাতি দিয়ে হাত কেটে ফেলার দৃশ্য, গলার রগ কেটে দেওয়ার দৃশ্য এবং নারীদের অশালীন উপস্থাপন। সেন্সর বোর্ড আগে এসব বাদ দিতে বললেও পরে সেগুলো আবারও ছবিতে দেখা গেছে বলে দাবি করা হয়েছে।

এ ছাড়া ‘তোমাকে ছাড়া’ শিরোনামের একটি গান এবং ভারতের মরুভূমি ঘিরে নির্মিত সহিংস হত্যাযজ্ঞের কিছু দৃশ্যও আপত্তির কারণ হয়েছে।

তবে পরিচালক আবু হায়াত মাহমুদ দাবি করেছেন, ইচ্ছাকৃতভাবে কিছু করা হয়নি। তার ভাষ্য, ভুলবশত সিনেমা হলে ছবিটির ভারতীয় বা ওটিটি সংস্করণ চালানো হয়েছিল। সেন্সর বোর্ডের নোটিশ পাওয়ার পর বিষয়টি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

গত ২১ মার্চ ফিতর উপলক্ষে মুক্তি পাওয়া সিনেমাটিতে শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন তাসনিয়া ফারিন ও জ্যোতির্ময়ী কুণ্ডু।