ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন বছরের পর বছর। ইদানীং অবশ্য অভিনয় থেকে তিনি কিছুটা দূরেই রয়েছেন বলা যায়। বিরতি দিয়ে মাঝে ৩টি সিনেমায় কাজ করলেও সেগুলো মুক্তির খবর নেই। নাটকেও নেই অনেকদিন! তবে সম্প্রতি একটি সচেতনতামূলক প্রামাণ্যচিত্রে অংশ নিয়েছেন এই নায়িকা।
১৯৭০ সালে ভোলায় ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ নিয়ে প্রামাণ্যচিত্র তৈরি করছেন ‘প্রেমের তাজমহল’খ্যাত নির্মাতা গাজী মাহবুব। সম্প্রতি এফডিসিতে দৃশ্যধারণের মধ্যদিয়ে এটির শুটিং সম্পন্ন হয়। জানা যায়, বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান মানবসুর উন্নয়ন সংস্থার (মাউস) জন্য প্রামাণ্যচিত্রটি নির্মিত হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সোহরাব লাভুর গ্রন্থনা ও পরিকল্পনায় এটির নাম রাখা হয়েছে ‘অস্তিত্বের লড়াই’।
পূর্ণিমা বলেন, ‘প্রামাণ্যচিত্রের ভাবনা ভালো লাগায় মানুষকে সচেতন করতে দায়িত্ববোধের জায়গা থেকে কাজটি করেছি। আমি সবসময় ভালো কাজের সঙ্গে থাকতে চাই।’
গাজী মাহবুব জানান, প্রামাণ্যচিত্রটির গল্পে উঠে এসেছে ১৯৭০ সালের বন্যার সেই মর্মান্তিক কাহিনি এবং বর্তমান বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের করণীয় কী হবে?
মানবসুর উন্নয়ন সংস্থার (মাউস) দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণে এটি প্রদর্শিত হবে। যেখানে সারাদেশের ২ হাজার স্বেচ্ছাসেবী সংগঠনকে দিনব্যাপী ফ্রি প্রশিক্ষণ ও সনদ প্রদান করা হবে। এ ছাড়া প্রামাণ্যচিত্রটি অনালাইনেও প্রকাশিত হবে।
এতে পূর্ণিমা ছাড়াও আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শিবা শানু, তানহা তাসনিয়া, শিরিন শিলা, মৌ খান, জয় চৌধুরী প্রমুখ।