অনুষ্ঠান করতে গিয়ে দুর্ঘটনায় জায়েদ খান, বললেন একটুর জন্য প্রাণে বেঁচে গেছি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রে। নিউ ইয়র্কে অবস্থান করলেও দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে বাঙালি কমিউনিটির নানা সাংস্কৃতিক আয়োজনে অংশ নিচ্ছেন তিনি। সম্প্রতি এমনই এক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন এই অভিনেতা।

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে আয়োজিত এক অনুষ্ঠানে মোটরসাইকেল নিয়ে মঞ্চে প্রবেশের সময় আগুনে দগ্ধ হন জায়েদ খান। মোটরসাইকেলের সামনে ও পেছনে থাকা ফায়ার ওয়াক্স থেকে আগুন ছিটকে তার শরীরে লাগে। দ্রুত দায়িত্বরতরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর মধ্যেই শরীরের কয়েকটি অংশ পুড়ে যায় অভিনেতার।

মঙ্গলবার ওকলাহোমা থেকে হোয়াটসঅ্যাপে বিষয়টি নিশ্চিত করে জায়েদ খান বলেন, ‘একটুর জন্য প্রাণে বেঁচে গেছি। শরীরে আগুন ধরে গিয়েছিল। সে অবস্থাতেই পারফর্ম করেছি। এ কারণে অবস্থা আরেকটু খারাপ হয়েছে। চিকিৎসা নিয়েছি। ব্যান্ডেজ করে এখন একটু বিশ্রাম করছি।’

ঘটনার বর্ণনায় তিনি আরও বলেন, ‘আমি যখন মোটরসাইকেল নিয়ে এন্ট্রি করছিলাম, তখন সামনে ও পেছনে ফায়ার ওয়াক্সে আগুন জ্বলছিল। কিন্তু মঞ্চের ভেতরে ঢোকার সময়ই আগুন ছিটকে এসে গায়ে লাগে। দ্রুত আমাকে রেসকিউ করা হয়। না হলে পুড়ে ছাই হয়ে যেতাম। কারণ আশপাশে সবকিছুতেই আগুন ছড়িয়ে পড়তে পারত।’

চিকিৎসা শেষে বর্তমানে বিশ্রামে রয়েছেন ‘অন্তরজ্বালা’খ্যাত এই অভিনেতা। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানিয়েছেন তিনি।