সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় অভিনেতা ওমর সানীর একটি পোস্ট ঘিরে শোরগোল পড়েছে। চলচ্চিত্রাঙ্গনের কিছু ব্যক্তির কর্মকাণ্ড নিয়ে তিনি কড়া ভাষায় সমালোচনা করেছেন। অভিনেতা সেই ব্যক্তিদের ‘মশা’র সঙ্গে তুলনা করেছেন।
বুধবার (১৩ মে) ফেসবুকের এক পোস্টে সানী লেখেন, ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে, এদের পরিচয় ফকিন্নি।’
একই পোস্টে গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন নব্বই দশকের জনপ্রিয় এই নায়ক। তিনি বলেন, ‘এই মশা ভনভন করে আর আপনারা প্রচার করেন। এটা কি মানায়?’
ওমর সানীর ইঙ্গিতপূর্ণ এই পোস্ট এরইমধ্যে নেটিজেনদের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। পোস্টে তিনি সরাসরি কারও নাম উল্লেখ না করলেও অনুরাগীদের ধারণা, পরিচালক হাসান জাহাঙ্গীরকে কেন্দ্র করে সম্প্রতি যে বিতর্ক শুরু হয়েছে, সেদিকেই ইঙ্গিত করেছেন অভিনেতা।
প্রসঙ্গত, সম্প্রতি চিত্রনায়িকা মৌসুমীর অনুমতি ছাড়া ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামের এক ঘণ্টার একটি নাটক সেন্সর ছাড়পত্র পায় পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে! আর তা ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়।
এক ভিডিওবার্তায় ওমর সানী জানান, হাসান জাহাঙ্গীরের অনুরোধে মৌসুমী ওই নাটকে কাজ করেছিলেন। পরে খরচ তোলার কথা বলে সেটিকে টেলিফিল্মে রূপান্তরের অনুমতি দেওয়া হয় বলে দাবি করেন তিনি।
অন্যদিকে, এই ঘটনায় বিস্ময় প্রকাশ করে মৌসুমী জানান, একটি নাটকের গল্পকে সিনেমা হিসেবে চালিয়ে দেওয়া তাঁর জন্য অসম্মানজনক। পর্যাপ্ত ফুটেজ না থাকা সত্ত্বেও কীভাবে তা সেন্সর ছাড়পত্র পেল—এ প্রশ্ন তোলেন তিনি।
অবশেষে বিতর্কের মুখে গতকাল ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামের ওই নাটকটির ছাড়পত্র বাতিল করেছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড।