‌‘জায়েদের এই পরিবর্তন একেবারেই অবিশ্বাস্য’, প্রকাশ্যে ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’র দ্বিতীয় পর্ব

ভক্তদের অপেক্ষার অবসান। ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’র দ্বিতীয় পর্ব নিয়ে ফিরলেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে ঠিকানা টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এই শর্টফিল্ম সিরিজের নতুন পর্ব। শিরোনাম ‘ঈদ মোবারক’। মাত্র ২ মিনিট ৩২ সেকেন্ডের এই স্বল্পদৈর্ঘ্য নির্মাণে উঠে এসেছে প্রবাসজীবনের এক গভীর, আবেগঘন ও নীরব বাস্তবতা।   

পরিবার-পরিজন থেকে হাজার মাইল দূরে ঈদ উদযাপন, ভিডিও কলে শুভেচ্ছা বিনিময় এবং হাসিমুখে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টার আড়ালে লুকিয়ে থাকা একাকীত্ব—সবকিছুই ফুটিয়ে তোলা হয়েছে এই পর্বে। কিছু দৃশ্য যেন নিঃশব্দেই দর্শকের হৃদয়ে দাগ কাটে। পাশাপাশি বিশেষ উপস্থিতিতে দেখা গেছে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিকে, যা পর্বটিকে আরও বিশেষ মাত্রা দিয়েছে।

এদিকে, দ্বিতীয় পর্ব মুক্তি পেতেই প্রশংসায় ভাসছেন জায়েদ খান। স্বল্প সময়ের উপস্থিতিতেও তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকের। মন্তব্যঘরে এক নেটিজেন লিখেছেন, ‘জায়েদ খানের এই পরিবর্তন একেবারেই অবিশ্বাস্য। সত্যিই মনে রাখার মতো একটি কাজ। একজন ভালো নির্মাতা কীভাবে একজন অভিনেতাকে পাল্টে দিতে পারেন—এই কাজটি তা দেখিয়ে দিয়েছে।’

প্রসঙ্গত, প্রথম পর্বের মতো এবারও নির্মাণে ছিলেন জন কবির ও সাদ আল-আমিন। ‘ইমিগ্রেন্ট ডায়েরিস: ঈদ মোবারক’ মূলত প্রবাসীদের গল্প নিয়ে নির্মিত।