মুক্তির পরদিনই দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে দ্বিগুণ হলো শাকিব খান অভিনীত ‘রকস্টার’-এর শো। ঈদের দিন (২৮ মে) সিনেমাটির শো ছিল ১৮টি। তবে দর্শক চাহিদায় একলাফে তা আজ ৩৬টি। এদিকে, সিনেমাটি চলতি বছরের ২য় সর্বোচ্চ ওপেনিং তুলেছে বলেও খবর।
ঢালিউডে বক্স অফিস না থাকায় সিনেমার ব্যবসা নিয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া মুশকিল। তবে চলচ্চিত্রবিষয়ক ফেসবুক পেজ বিএমআর নিয়মিতভাবে মাল্টিপ্লেক্সে প্রদর্শিত সিনেমাগুলোর রোজকার আয়ের হিসাব তুলে ধরছে।
বিএমআর-এর তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিন ২৯ লাখ ৪১ হাজারের ব্যবসা করে মাল্টিপ্লেক্সে চলতি বছরের ২য় সর্বোচ্চ ওপেনিং তুলেছে রকস্টার। সর্বোচ্চ ওপেনিংয়ের শীর্ষে রয়েছে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’। গত রোজার ঈদে সিনেমাটি মুক্তির প্রথম দিন মাল্টিপ্লেক্সে তুলে নিয়েছিল ৩০ লাখ টাকা।
এ বছর মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে প্রথম দিনে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’র ব্যবসা ছিল ১৮ লাখ ৫৪ হাজার টাকা। শো ছিল ২১টি। গত ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’র প্রথম দিনের ব্যবসা ছিল ১৬ লাখ ১৯ হাজার টাকা।
প্রসঙ্গত, সান কমিউনিকেশনের ব্যানারে নির্মিত রকস্টার পরিচালনা করেছেন আজমান রুশো। চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব।
এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’খ্যাত মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। এ ছাড়াও রয়েছেন কণ্ঠশিল্পী পান্থ কানাই, সুনিধি নায়েক প্রমুখ।