ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি স্ট্রিমিং শুরু হবে।
আজমান রুশো পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছে সান মোশন পিকচার্স লিমিটেড।
ওটিটি মুক্তি নিয়ে পরিচালক আজমান রুশো বলেন, প্রেক্ষাগৃহে দর্শকদের ভালোবাসা পাওয়ার পর এবার দেশ-বিদেশের আরও বেশি দর্শকের কাছে সিনেমাটি পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। নির্মাতা হিসেবে এটিই তাঁর প্রত্যাশা।
মুক্তির আগেই টিজার প্রকাশের পর শাকিব খানের ভিন্নধর্মী লুক সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সিনেমায় তাঁকে দেখা গেছে একজন রকস্টার ও সংগীতশিল্পীর চরিত্রে, যা তাঁর প্রচলিত অ্যাকশন বা গ্যাংস্টার ইমেজ থেকে একেবারেই আলাদা। চরিত্রটির জন্য তিনি নিজের ওজনও কমিয়েছিলেন।
গল্পে উঠে এসেছে একজন সংগীতশিল্পীর জীবনসংগ্রাম, স্বপ্ন, সাফল্য, ব্যর্থতা এবং বাস্তবতার নানা দিক। পাশাপাশি আগুন ও আসলামের বন্ধুত্বের গল্পও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন সাবিলা নূর (মীরা), তানজিয়া জামান মিথিলা (সুপার মডেল), সুনিধি নায়েক (সুনিধি), পান্থ কানাই (কয়েদি সংগীতশিল্পী), তারিক আনাম খান (উস্তাদ জুনায়েদ), রোজী সিদ্দিকী (শবনম), দিলারা জামান (আগুনের দাদি) এবং কাজী সাবির (আসলাম)।
পরিচালক জানান, বাস্তব জীবনের রকস্টারদের অভিজ্ঞতা এবং নিজের সংগীতজীবনের স্মৃতির সংমিশ্রণে তিনি সিনেমার গল্প নির্মাণ করেছেন।
নুসরাত মাটির চিত্রনাট্যে নির্মিত এই সিনেমার সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। সিনেমাটির সব গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি। তিনি নিজেই গানগুলোতে কণ্ঠও দিয়েছেন। সংগীত পরিচালনায় রয়েছেন জাহিদ নিরব।