মাঝে কিছুটা নীরব ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। এবার যেন সেই নীরবতাই ভাঙলেন তিনি! বেগুনি শাড়িতে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এমন এক ক্যাপশন দিয়েছেন, যেখানে প্রতি লাইনে ফিরে আসার ইঙ্গিত। তাঁর ভাষ্য, যারা গল্প শেষ হয়ে গেছে ভাবছেন, তারা হয়তো গল্পের সেরা অংশটিই এখনও পড়েননি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ কয়েকটি নতুন ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী। ক্যাপশনে তিনি লেখেন, ‘যারা মনে করেন গল্প শেষ হয়ে গেছে, তারা সম্ভবত এখনও গল্পের রোমাঞ্চকর অংশই পড়েননি। কখনও কখনও দৃশ্যপট থেকে একটুখানি সরে যেতে হয়, যাতে ফিরে এসে শিরোনাম হওয়া যায়। তাদের ভাবতে দিন, স্পটলাইট অন্যদিকে সরে গেছে। কিছু আলো যে ঘোর অন্ধকারের পরই আরও উজ্জ্বল হয়ে ওঠে!’
পূজার এই কথাগুলোকে ভক্তরা তাঁর ক্যারিয়ার ও সাম্প্রতিক সময়ের সঙ্গে মিলিয়ে দেখছেন। তবে পোস্টে তিনি ঠিক কোন বিষয়কে ইঙ্গিত করছেন, তা স্পষ্ট করেননি।
সম্প্রতি ব্যক্তিজীবন ঘিরে আলোচনায় ছিলেন পূজা। চলতি বছরের মার্চে তিনি বাগদানের সুখবর জানিয়েছেন। পাশাপাশি এ-ও নিশ্চিত করেছেন যে, তাঁর জীবনসঙ্গী শোবিজ জগতের বাইরের একজন। তবে বিয়ের তারিখ বা পাত্রের পরিচয় প্রকাশ করেননি।
এরপর গত আগস্টে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে যে, গোপনে বিয়ে সেরেছেন এই নায়িকা। যদিও সেই গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি।
এবার বেগুনি শাড়ির ছবি দিয়ে পূজার ‘গল্প শেষ নয়’ বার্তা ভক্তদের মনে নতুন কৌতূহল তৈরি করেছে। তাঁদের প্রশ্ন, সত্যিই কি বড় কোনো কাজ বা নতুন অধ্যায়ের ঘোষণা আসছে? সেই উত্তর সময়ের হাতেই তোলা থাক।