মা হারালেন পপি

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন এ মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। 

পরিবারের পরিকল্পনা অনুযায়ী, ঢাকায় মরিয়ম বেগমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁর মরদেহ নিয়ে স্বজনেরা খুলনায় পপির গ্রামের বাড়িতে যাবেন। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

এদিকে, তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী পপি বেশ কয়েক বছর ধরেই লোকচক্ষুর অন্তরালে রয়েছেন।

মডেলিংয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া পপি লাক্স আনন্দ বিচিত্রা সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর আলোচনায় আসেন। ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি। তবে তাঁর প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কুলি’। মনতাজুর রহমান আকবর পরিচালিত এ ছবিতে পপির বিপরীতে অভিনয় করেন ওমর সানি। মুক্তির পর সিনেমাটি সে সময় প্রায় সাত কোটি টাকা ব্যবসা করে আলোচনায় আসে।