অবশেষে খোঁজ মিলেছে চিত্রনায়িকা মেঘলা মুক্তার নিখোঁজ বাবা মিজানুর রহমান দুলালের। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে রাজধানীর উত্তরার একটি ক্লিনিক থেকে তাঁকে উদ্ধার করে পরিবার। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।
বাবাকে খুঁজে পেতে এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছিলেন মেঘলা। সেই পোস্ট দেখেই ক্লিনিকের এক ব্যক্তি তাঁকে ফোন করে বাবার সন্ধান দেন। পরে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে মিজানুর রহমানকে শনাক্ত করেন।
মেঘলা জানান, তাঁর বাবা বর্তমানে কথা বলতে পারছেন না। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হচ্ছে।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, অজ্ঞাত এক ব্যক্তি তাঁর বাবাকে ক্লিনিকে রেখে যান। সেখানে নেওয়ার সময় তাঁর মুখ দিয়ে ফেনার মতো কিছু বের হচ্ছিল বলে ক্লিনিক কর্তৃপক্ষ জানিয়েছে। তবে কীভাবে তিনি সেখানে পৌঁছালেন, তা এখনো স্পষ্ট নয়।
এর আগে সোমবার রাত আটটার দিকে উত্তরখান থেকে বসুন্ধরার বাসার উদ্দেশে রওনা হন মিজানুর রহমান। রাত ৮টা ৫০ মিনিটে মেয়ের সঙ্গে শেষ কথা হয় তাঁর। এরপর থেকেই তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। রাতে বাসায় না ফেরায় পরিবারের পক্ষ থেকে উত্তরখান থানায় সাধারণ ডায়েরি করা হয়।
প্রসঙ্গত, মেঘলা মুক্তা বাংলাদেশের পাশাপাশি ভারতের তেলেগু চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘সাকালা কালা ভাল্লাভুডু’, ‘পায়ের ছাপ’ ও ‘কাঠগোলাপ’।