অংশুর ‘লিম্বো’তে মহাকাশ যাত্রায় শরীফুল রাজ!

দীর্ঘ বিরতি কাটিয়ে গত জুনে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দেন নির্মাতা তানিম রহমান অংশু। সামাজিকমাধ্যমে একটি পোস্টার প্রকাশ করে জানান, তাঁর আগামী চলচ্চিত্রের নাম ‘লিম্বো’, যা মুক্তি পাবে আগামী বছর। পোস্টার ও নামের আবহে মহাকাশ অভিযানের স্পষ্ট ইঙ্গিত থাকায় শুরু থেকেই দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করে ছবিটি। তবে তাঁর এ সিনেমায় কারা অভিনয় করতে চলেছেন, এতদিন তা গোপনই রেখেছিলেন নির্মাতা!

অবশেষে অভিনেতা শরীফুল রাজকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে বিষয়টি পরিষ্কার করলেন অংশু। এক ফেসবুক পোস্টে রাজকে ট্যাগ করে তিনি লেখেন, ‘‘মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা ‘লিম্বো’। দর্শকের জন্য হতে যাচ্ছে এক অনন্য অভিজ্ঞতা, আমার জন্যও তাই। যাচ্ছি, ফিরে আসব, অন্যরকম এক জগৎ সঙ্গে নিয়ে। এবার সার্ফিং হবে আকাশে, চল!”

‘লিম্বো’র ফার্স্টলুক পোস্টারে শরীফুল রাজ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এর আগে, সিনেমাটির পোস্টার উন্মোচন করে নির্মাতা লিখেছিলেন, ‘দূরত্ব যত আলোকবর্ষেরই হোক না কেন, চেনা অনুভূতির টান কখনও ফুরায় না। শূন্য আর পূর্ণতার মাঝখানের যে সীমানা, সেখানে হারিয়ে যাওয়া আর ফিরে পাওয়ার গল্পরা এক হয়ে যায়।’

প্রসঙ্গত, শরীফুল রাজকে সর্বশেষ বড়পর্দায় দেখা গেছে গত কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায়। অভিনেত্রী সাবিলা নূরের সঙ্গে জুটি বেঁধে অভিনীত সেই ছবিটি দর্শক-সমালোচকদের বেশ প্রশংসা কুড়িয়েছে। ‘লিম্বো’ ছাড়াও এই মুহূর্তে রাজের হাতে রয়েছে নির্মাতা জুটি আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকারের ‘কানাভুলা প্যারাডক্স’, যেখানে আবারও সাবিলা নূরের বিপরীতে দেখা যাবে তাঁকে।