আগামী ১০ মার্চ আমেরিকার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসছে ৯৬তম অস্কারের জমকালো আসর। অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্বে থাকছেন একঝাঁক তারকা অভিনয়শিল্পী। ইতিমধ্যে সেই তালিকার প্রথম লাইনআপ প্রকাশ করেছে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সাইন্সেস। এর মধ্যে রয়েছেন খ্যাতিমান তারকা আল পাচিনো, জেন্ডায়া, মাহেরশালা আলী, মিশেল ফাইফার, নিকোলাস কেজ প্রমুখ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে একাডেমি। তাঁরা লিখেছে, ‘৯৬তম অস্কার উপস্থাপকদের লাইনআপের প্রথম ঝলক উপস্থাপন করা হচ্ছে! ১০ মার্চ (রোববার) নতুন সময়ে এবিসি-তে অস্কার দেখুন সরাসরি।’
তারকাখচিত এই উপস্থাপকদের তালিকায় আরও রয়েছেন জেসিকা ল্যাঞ্জ, স্যাম রকওয়েল, লুপিটা নিয়ংও, ম্যাথু ম্যাকনাহে; পাশাপাশি তাঁদের সঙ্গে দেখা যাবে গতবারের অস্কারজয়ী তারকা মিশেল ইয়ো, ব্রেন্ডন ফ্রেজার, জেমি লি কার্টিস ও কে হুই কোয়ানকেও।
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ পুরস্কারের ইতিমধ্যে ঘোষিত হয়েছে ২৩টি শাখায় মনোনয়ন। সবচেয়ে বেশি ১৩টি শাখায় মনোনয়ন পেয়েছে ক্রিস্টোফার নোলান পরিচারিত ছবি ‘ওপেনহাইমার’। এ সিনেমা নির্মিত হয়েছে পারমাণবিক বোমার জনক জে রবার্ট ওপেনহাইমারকে কেন্দ্র করে। অন্যদিকে, ১১টি শাখায় মনোনয়ন পেয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ইয়োর্গস লান্থিমোসের ছবি ‘পুওর থিংস’। এ ছাড়া ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ ১০টি, ‘বার্বি’ ৮ ও ‘মায়েস্ত্রো’ ৭টি বিভাগে মনোনয়ন পেয়েছে।
প্রসঙ্গত, ডলবি থিয়েটারে ১০ মার্চ অনুষ্ঠিত হবে এবারের অস্কার। গতবারের মতো এ বছরও সঞ্চলনার দায়িত্বে থাকছেন কমেডিয়ান জিমি কিমেল। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করবেন রাজ কাপুর। একই সঙ্গে তিনি নির্বাহী প্রযোজক হিসেবেও রয়েছেন। আর প্রযোজক হিসেবে থাকছেন মলি ম্যাকনার্নি ও ক্যাটি মুলান।