৯৬তম অস্কারে সেরা পরিচালকের মনোনয়ন পেয়েছেন পাঁচজন। তালিকায় রয়েছেন জাস্টিন ত্রিয়েত, মার্টিন স্করসেসি, ক্রিস্টোফার নোলান, ইয়োর্গস লান্থিমোস ও জোনাথন গ্লেজার। এবং প্রত্যেকের ছবিই এত দুর্দান্ত যে, অস্কার কর্তৃপক্ষের জন্য একজনকে বেছে নেওয়া হয়তো চ্যালেঞ্জ হবে! তবে সিনেবোদ্ধারা ধারণা করছেন, সেরা পরিচালক কিংবা চলচ্চিত্র বিভাগের অন্তত যেকোনো একটি পুরস্কার অবশ্যই উঠতে যাচ্ছে নোলানের হাতে।
সেরা পরিচালক, সেরা সিনেমা, সেরা অভিনেতাসহ ১৩টি শাখায় মনোনয়ন পেয়েছে এই নির্মাতার ‘ওপেনহাইমার’। সবচেয়ে বেশি মনোনয়নের রেকর্ড এবার তাঁরই।
এদিকে, মার্কিন গণমাধ্যম ইউএসএ টুডে তাঁদের ভবিষ্যদ্বাণীতে সেরা অভিনেত্রী বিভাগে যেমন মুদ্রার এক পিঠে রেখেছে এমা স্টোনকে, অন্য পিঠে রেখেছে লিলি গ্ল্যাডস্টনকে; পরিচালকের বেলায় এমনটা নয়, একমাত্র হিসেবে বেছে নিয়েছে ক্রিস্টোফার নোলানকেই।
সংবাদমাধ্যমটির ভাষ্য, ‘‘২০০৭ সালে স্করসেসির ‘দ্য ডিপার্টেড’-এর মতো এই সময়টা শুধুই নোলানের। এখন পর্যন্ত তিনি সেরা পরিচালক বিভাগে দুই বার (ডানকার্ক ও ওপেনহাইমার) অস্কারে মনোনয়ন পেয়েছেন। তবে তাঁর নির্মাণ-দক্ষতায় পর্দায় ‘ওপেনহাইমার’ দেখা ট্রিনিটি টেস্টের মতোই শ্বাসরুদ্ধকর। যদিও ‘দ্য ডার্ক নাইট’ ও ‘মেমেন্টো’ থেকে ‘ইনসেপশন’ ও ‘ইন্টারস্টেলার’-এ স্বতন্ত্রভাবে জনপ্রিয়তা তৈরি করেছেন স্করসেসি। এবং বিজ্ঞানীদের সম্পর্কে তিন ঘণ্টার এই ছবি ব্লকবাস্টার করা তারই কৃতিত্ব।’’
প্রসঙ্গত, এবারের অস্কারে ক্রিস্টোফার নোলান ছাড়াও সেরা পরিচালক বিভাগে ‘অ্যানাটমি অব আ ফল’ ছবির জন্য মনোনয়ন পেয়েছেন জাস্টিন ত্রিয়েত, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’-এর জন্য মার্টিন স্করসেসি, ‘পুওর থিংস’-এর জন্য ইয়োর্গস লান্থিমোস এবং ‘দ্য জোন অব ইন্টারেস্ট’-এর জন্য জোনাথন গ্লেজার।
এদিকে, মাত্র একদিন পরেই শেষ হচ্ছে প্রতীক্ষা! রোববার (১০ মার্চ, বাংলাদেশ সময় ১১ মার্চ ভোর) আমেরিকার লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসছে এবারের অস্কার। এদিন পুরস্কার ঘোষণা ও বিতরণ অনুষ্ঠিত হবে। সঞ্চালনায় থাকছেন জিমি কিমেল।