ফের অস্কারের মঞ্চে কোনান ও’ব্রায়েন

চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত হয়েছে ৯৭তম অস্কার অ্যাওয়ার্ড। বিশ্বের মর্যাদাপূর্ণ সেই জমকালো আসরে সঞ্চালনার দায়িত্বে ছিলেন মার্কিন টেলিভিশন উপস্থাপক, কমেডিয়ান কোনান ও’ব্রায়েন। ফের অস্কার চায় তাঁকে! অর্থাৎ আগামী ৯৮তম আসরেও তাঁর কাঁধেই থাকছে অস্কার সঞ্চালনার দায়িত্ব।

সম্প্রতি এই ঘোষণা দিয়েছেন অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিল ক্র্যামার ও সভাপতি জ্যানেট ইয়াং। পাশাপশি তাঁরা নিশ্চিত করেছেন যে, আগামী অস্কারেও থাকছেন এমি-জয়ী রাজ কাপুর ও কেটি মুলানের প্রযোজনা টিম।

আগামী অস্কারেও সঞ্চালনায় থাকছেন কোনান। ছবি: সংগৃহীত

নিজের স্বভাবসুলভ রসিকতা করে এক বিবৃতিতে ও’ব্রায়েন বলেন, ‘আগামী বছর অস্কার সঞ্চালনার একমাত্র কারণ হলো আমি শুনতে চাই যে অ্যাড্রিয়েন ব্রডি তাঁর বক্তৃতা শেষ করেছেন!’

এবারের আসরে ‘দ্য ব্রুটালিস্ট’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কারজয়ী অ্যাড্রিয়েন ব্রডির ভাষণটি অস্কার ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম বলে বিবেচিত হয়েছে।

এদিকে, ক্র্যামার ও ইয়াং এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘৯৮তম অস্কারের জন্য কোনান, রাজ, কেটি, জেফ ও মাইককে ফিরিয়ে আনতে পেরে আমরা রোমাঞ্চিত।’

প্রসঙ্গত, ২০২৬ সালের ১৫ মার্চ আমেরকিার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে ৯৮তম অস্কারের আসর।

সূত্র: ভ্যারাইটি