অ্যাকশন ঘরানার আলোচিত সিনেমা ‘দ্য মামি’। মুক্তির পরই বিশ্বজুড়ে জনপ্রিয়তা লাভ করে এটি। ৮০ মিলিয়ন বাজেটে নির্মিত সিনেমাটি বক্স অফিসে ৪২২ মিলিয়ন ডলারের বেশি ব্যবসা করে। এবার আসছে দ্য মামি’র চতুর্থ কিস্তি।
এ বিষয়ে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম দ্য ভ্যারাইটি জানিয়েছে, নতুন কিস্তিতে আবারও একসঙ্গে পর্দায় আসছেন অস্কারজয়ী দুই তারকা—ব্রেন্ডন ফ্রেজার ও রাচেল উইজ।
এটি পরিচালনা করবেন ‘রেডিও সাইলেন্স’খ্যাত নির্মাতা জুটি ম্যাট বেটিনেলি-অলপিন ও টাইলার জিলেট। এর আগে তাঁরা ‘রেডি অর নট’ (২০১৯) ও ‘স্ক্রিম’ (২০২২) নামের দুটি নির্মাণ দিয়ে দর্শক-মহলে বেশ প্রশংসিত হন।
তবে পরিচালনা নিয়ে ইউনিভার্সাল স্টুডিও এখনও কোনো মন্তব্য করেনি।
১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত মূল সিনেমা পরিচালনা করেন স্টিফেন সোমারস। যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন ফ্রেজার ও রাচেল। পর্দায় দেখা যায়, এক গুপ্তধন অনুসন্ধানীর গল্প, দুর্ঘটনাক্রমে সে একজন অভিশপ্ত মিশরীয় পুরোহিতকে অতিপ্রাকৃত শক্তি দিয়ে জাগিয়ে তোলে। সিনেমাটি এতটাই সাড়া ফেলেছিল যে, ফ্রেজারকে একজন অ্যাকশন হিরো হিসেবেও প্রতিষ্ঠিত করে। সাফল্যের ধারাবাহিকতায় মুক্তি পায় ‘দ্য মামি রিটার্নস’ (২০০১) ও ‘দ্য মামি: টম্ব অব দ্য ড্রাগন এম্পারার’ (২০০৮)। সবশেষ ২০১৭ সালে টম ক্রুজকে নিয়ে মূল নামেই সিনেমাটির একটি সিক্যুয়েল এসেছিল, কিন্তু বাণিজ্যিকভাবে এটি হয় সুপারফ্লপ।
এদিকে, নতুন কিস্তির ঘোষণা আসার পরই ভক্তদের ভাষ্য, ফ্রেজার অন্ততঃ কোন সিনেমা হিট করবে, সেই ধারণা রাখেন। বছর তিনেক আগে এক সাক্ষাৎকারে তিনি ব্যাখ্যা করেছিলেন যে, কেন ক্রুজের সিনেমাটি দর্শকের কাছে সাড়া ফেলতে ব্যর্থ হয়েছিল।
ফ্রেজার বলেছিলেন, ‘আমাদের মামি-তে যেসব উপাদান ছিল, নতুনটিতে তা দেখতে পাইনি, বরং তা ছিল মজাদার। এই (টম ক্রুজ) অবতারে এই ছিল অভাব। এটি ছিল অনেকটা সরাসরি ভৌতিক সিনেমার মতো! দ্য মামির একটি রোমাঞ্চকর যাত্রা হওয়া উচিত, তবে তা ভয়ঙ্কর নয়।’
এবার সেই সাড়া জাগানো জুটি ফিরছে, তবে সিনেমাটির শুটিং কিংবা মুক্তি সম্পর্কে এখনও কিছু প্রকাশ্যে আসেনি।