দীর্ঘদিনের ‘প্লাস্টিক সার্জারি’ গুঞ্জনে ইতি টানলেন হলিউড অভিনেত্রী সিডনি সুইনি। সাম্প্রতিক বছরে নেটিজেনদের একটি পক্ষ দাবি করেছিল, আরও আকর্ষনীয় হতে প্লাস্টিক সার্জারি করেছেন তিনি। এমনকি এই বিষয়ে তাঁকে তুমুল কটাক্ষের শিকারও হতে হয়। এবার তাঁর চেহারা নিয়ে যারা বছরের পর বছর ধরে গবেষণা করেছেন, তাদের মুখে রীতিমতো খুলুপ এঁটে দিলেন অভিনেত্রী। পাশাপাশি তিনি এ-ও জানান, ছোটবেলার এক দুর্ঘটনায় তাঁর মুখাবয়বে সেলাই লেগেছিল ১৯টি।
সম্প্রতি সিডনি সুইনি এক সাক্ষাৎকারে তাঁর ‘দ্য হাউজমেইড’ সহশিল্পী আমান্ডা সেইফ্রিডের সঙ্গে হাজির হয়েছেন। যেখানে তিনি সৌন্দর্যবিষয়ক প্রচলিত গুজবকে খণ্ডন করেছেন। শুধু তা-ই নয়, সমস্ত জল্পনার অবসান চান এই ‘ইউফোরিয়া’ তারকা।
সুইনি বলেন, ‘চলো সবগুলোই খণ্ডন করি।’ অভিনেত্রী আরও বলেন, ‘আমি সুঁইকে এত ভয় পাই যে, তোমার কোনো ধারণা নেই।’
শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্র দুনিয়ায় যাত্রা শুরু সিডনি সুইনির। সামাজিকমাধ্যমে যারা অভিনেত্রীর ছোটবেলা ও সাম্প্রতিক সময়ের ছবি পাশাপাশি রেখে তুলনা করেন, তাদের উদ্দেশে তাঁর ভাষ্য, ‘আমার ১২ বছরের ছবির সঙ্গে পেশাদার মেকআপ ও আলোর ঝলকানিতে তোলা ২৬ বছরের ছবির তুলনা করা যায় না! অবশ্যই, এখন আমি দেখতে অন্যরকম হব।’ যোগ করে বলেন, ‘সামাজিকমাধ্যমে সব পাগল!’
তবে ২৮ বছর বয়সী এই তারকা অভিনেত্রী জানান, ছোটবেলার এক দুর্ঘটনার কারণে তাঁর মুখে একটি নন-কসমেটিক সার্জারি করতে হয়েছিল, সেলাই লেগেছিল ১৯টি। আর সেই দুর্ঘটনার কারণে তাঁর একটি চোখ অন্যটির চেয়ে একটু বেশি খোলে বলেও জানান।
এর আগে প্লাস্টিক সার্জারির জল্পনায় বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে একই সুরে মুখ খুলেছিলেন সিডনি সুইনি। তিনি বলেছিলেন, ‘আমি কখনও কিছু করিনি। আমি সূঁইকে ভীষণ ভয় পাই। কোনো ট্যাটু নেই। কিছুই নেই। আমি সুন্দরভাবে বুড়ো হব।’
সূত্র: পিপল