নতুন লুকে হাজির জনপ্রিয় হলিউড অভিনেতা হেনরি ক্যাভিল। ‘জন উইক’খ্যাত চ্যাড স্টাহেলস্কি পরিচালিত ‘হাইল্যান্ডার’ ছবিতে এই রূপেই দেখা দিবেন তিনি।
সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে বুধবার (২৮ জানুয়ারি) নতুন সিনেমার দুটি লুক প্রকাশ করেছেন হেনরি ক্যাভিল। যেখানে একটি ছবিতে তাঁকে দেখা যায় ‘সুপারম্যান’র ট্রেঞ্চকোট পরিহিত, অন্য ছবিতে ‘উইচার’-এর তরবারি হাতে!
ক্যাপশনে এই অ্যাকশন হিরো লিখেছেন, ‘হাইল্যান্ডার-এর ফার্স্টলুকের শুভেচ্ছা।’ ক্যাভিল আরও লেখেন, ‘আমার জন্য তা বেশ ভালো এক যাত্রা ছিল। যখন সঠিক সময় আসবে, তখন এই যাত্রা সম্পর্কে আপনাদের সব বলব, তবে এখন তা (লুক) শেয়ার করাটা বিশেষ এক মুহূর্ত। আশা করি, আপনারা এনজয় করবেন।’
প্রকাশিত ফার্স্টলুক অবশ্য বেশি কিছু জানান দেয়নি, তবে এই লুক দুটি কিয়ানু রিভসের চারটি অ্যাকশনধর্মী ‘জন উইক’ সিনেমার খুব কাছাকাছি, যেগুলোর সবই পরিচালনা করেছেন স্টাহেলস্কি।
হাইল্যান্ডার-এ ক্যাভিলকে দেখা যাবে ‘কনর ম্যাকলিওড’ নামের একটি মুখ্য চরিত্রে। এছাড়াও অন্যান্য ভূমিকায় রয়েছেন রাসেল ক্রো, কারেন গিলান, জিমন হাউন্সো প্রমুখ।
১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত একই শিরোনামের একটি ছবির রিবুট এবারের হাইল্যান্ডার। চিত্রনাট্য লিখেছেন মাইকেল ফিঞ্চ।
এতে অভিনয়ের সুখবরটি ক্যাভিল প্রথমবার শেয়ার করেছিলেন ২০২১ সালে।অবশেষে তার শুটিং শুরু হয়েছে।