অস্কারে সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

গত বছরের আলোচিত সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ অস্কারের ৯৮তম আসরে জিতে নিয়েছে সেরা ছবির পুরস্কার। একই সিনেমার জন্য সেরা পরিচালকের অস্কারও পেয়েছেন হলিউডের প্রশংসিত নির্মাতা পল থমাস অ্যান্ডারসন।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত হয় অস্কারের এবারের আয়োজন। অনুষ্ঠানের একেবারে শেষ পুরস্কার হিসেবে ঘোষণা করা হয় ‘সেরা ছবি’ বিভাগের বিজয়ীর নাম।

এই জয়ের মধ্যদিয়ে অবশেষে প্রথমবারের মতো সেরা পরিচালকের অস্কার জিতলেন ৫৫ বছর বয়সী অ্যান্ডারসন। এর আগে ‘দেয়ার উইল বি ব্লাড’, ‘ফ্যানটম থ্রেড’ ও ‘লিকোরাইস পিজ্জা’ ছবির জন্য তিনবার এই বিভাগে মনোনয়ন পেয়েছিলেন তিনি।

এবার শুধু সেরা পরিচালকই নয়, একই ছবির জন্য সেরা অভিযোজিত চিত্রনাট্য বিভাগেও পুরস্কার জিতেছেন অ্যান্ডারসন।

পুরস্কার গ্রহণের সময় তিনি বলেন, ‘সবসময়ই মনে কিছুটা সন্দেহ থাকে—আপনি সত্যিই এই পুরস্কারের যোগ্য কি-না! তবে এটি হাতে পাওয়ার আনন্দ নিয়ে কোনো সন্দেহ নেই।’

তিনি আরও বলেন, ‘মানুষের বিশ্বাস ও সময় আমাকে এখানে নিয়ে এসেছে। একটি চলচ্চিত্রের দলে কাজ করার সবচেয়ে বড় আনন্দ হলো একসঙ্গে কাজ করা—আমরা একে অপরের পরিপূরক। সিনেমাকে আমি আমার ঘর বলতে পেরে খুব আনন্দিত।’

সেরা পরিচালক বিভাগে অ্যান্ডারসনের প্রতিদ্বন্দ্বী ছিলেন রায়ান কুগলার (সিনার্স), ক্লোয়ে ঝাও (হ্যামনেট), জশ সাফদি (মার্টি সুপ্রিম) এবং জোয়াকিম ত্রিয়ের (সেন্টিমেন্টাল ভ্যালু)।

মার্কিন লেখক থমাস পেঞ্চনের ১৯৯০ সালের উপন্যাস ‘ভেইনল্যান্ড’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ছবিটি। এতে একজন সাবেক বিপ্লবীর চরিত্রে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও।

অস্কারের আগেই ছবিটি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পুরস্কার জিতেছিল। এর মধ্যে রয়েছে বাফটা, গোল্ডেন গ্লোব ও ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা পুরস্কার।