গাজায় চলমান গণহত্যা এবং ইরানের বিরুদ্ধে আমেরিকা-ইসরায়েলের যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন একঝাঁক তারকাশিল্পী। মার্কিন স্থানীয় সময় রোববার (১৫ মার্চ) দিবাগত রাতে হলিউডের ডলবি থিয়েটারে বসেছিল ৯৮তম অস্কারের জমকালো আসর। এ সময় যুদ্ধের মানবিক বিপর্যয়ের ওপর বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে লালগালিচাকে বেছে নেন তারকারা।
চলচ্চিত্র অভিনেতা, নির্মাতা ও অন্যান্য শিল্পীদের যুদ্ধবিরোধী প্ল্যাটফর্ম ‘আর্টিস্টস ফর সিজফায়ার’-এর অংশ হিসেবে অস্কার অনুষ্ঠানে অনেক তারকার পোশাকে শোভা পায় ‘যুদ্ধ নয়’ সম্বলিত ছোট্ট একটি গোলাকৃতির পিন। সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার প্রদানের সময় অস্কারজয়ী স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম বলেন, ‘যুদ্ধ নয়, মুক্ত হোক ফিলিস্তিন।’ তখন উপস্থিত দর্শকের করতালিতে মুখরিত হয়ে ওঠে গোটা মিলনায়তন।
৯৮তম অস্কার অনুষ্ঠান চলাকালীন হাভিয়ের বারদেমের পোশাকেও ছিল সেই পিন, যাতে লেখা ‘যুদ্ধ নয়’। এ ছাড়া তাঁর পোশাকে ‘ফ্রি প্যালেস্টাইন’, অর্থাৎ মুক্ত হোক ফিলিস্তিন লেখা আরও একটি পিন ছিল।
অন্যদিকে, অস্কারের লালগালিচায় গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানান ফিলিস্তিনি ছবি ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’র শিল্পীরা। সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে মনোনয়নপ্রাপ্ত এই ছবির তিনজন তারকা (সাজা কিলানি, ক্লারা খুরি ও আমের হালেহেল) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় তারা বিশ্বের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে স্পষ্টভাবে নিজেদের ভাবনা তুলে ধরেন।
লালগালিচায় হাঁটার সময় এই শিল্পীরা ‘যুদ্ধবিরতি’ পিন পরেছিলেন। তাঁরা আরও জানান, ফিলিস্তিনি নাগরিকত্বের কারণে সিনেমাটির প্রধান অভিনেতা অস্কার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ডেডলাইন’র সঙ্গে আলাপচারিতায় সেই পিনগুলোর তাৎপর্য বিস্তারিত বর্ণনা করেন এবং ফিলিস্তিনে স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানান। তিনি বলেন, ‘এই পিন শেপার্ড ফেইরি নামের একজন শিল্পীর তৈরি। এটা আর্টিস্টস ফর সিজফায়ারের। আমরা স্থায়ী যুদ্ধবিরতির দাবি করছি, কারণ সেখানে (ফিলিস্তি) এখন কোনো যুদ্ধবিরতি নেই।’
যোগ করে বলেন, ‘আজও সারা বিশ্বে বোমা হামলা, ধ্বংস, বাস্তুচ্যুতির ঘটনা ঘটছে। ফিলিস্তিন, লেবানন, ইরান, ভেনেজুয়েলা এবং সবখানেই।’ এ সময় তাঁকে থামিয়ে মার্কিন প্রশাসনের বর্তমান অভিবাসনবিরোধী কার্যকলাপের বিষয়টি উল্লেখ করেন ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি অভিনেত্রী ক্লারা খুরি।
প্রসঙ্গত, ৯৮তম অস্কারে সেরা ছবির পুরস্কার জিতেছে পল থমাস অ্যান্ডারসনের ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’। যেখানে গভীর রাজনৈতিক ও মানবিক গল্প তুলে ধরেছেন এই নির্মাতা।