কান চলচ্চিত্র উৎসবে জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্তের সাক্ষী হলেন হলিউড তারকা জন ট্রাভোল্টা। নিজের পরিচালনায় নির্মিত প্রথম সিনেমা ‘প্রপেলার ওয়ান-ওয়ে নাইট কোচ’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারের আগেই তাকে চমকে দিয়ে সম্মানসূচক পাম দ’র তুলে দেয় উৎসব কর্তৃপক্ষ। কান উৎসবের এই সম্মানকে আজীবন সম্মাননার সমতুল্য ধরা হয়।
অপ্রত্যাশিত এই সম্মান পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ট্রাভোল্টা। চোখের জল ধরে রাখতে রাখতে তিনি বলেন, ‘এটা অস্কারের চেয়েও বড়।’
ফরাসি ভাষায় ‘পুরোপুরি চমক!’ বলে প্রতিক্রিয়া জানান অভিনেতা। দর্শকদের করতালিতে তখন মুখর পুরো অডিটোরিয়াম। ট্রাভোল্টা বলেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না। এটা একদমই আশা করিনি।’
কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো-এর দিকে তাকিয়ে ট্রাভোল্টা বলেন, ‘আপনি বলেছিলেন এটা বিশেষ একটি রাত হবে। কিন্তু এতটা বিশেষ হবে বুঝিনি।’ জবাবে ফ্রেমো মজা করে বলেন, ‘আমরা জানতাম!’
দুইবার অস্কারে সেরা অভিনেতার মনোনয়ন পাওয়া ট্রাভোল্টা এবার কানে এসেছেন তার নতুন ছবি ‘প্রপেলার ওয়ান-ওয়ে নাইট কোচ’ নিয়ে। অ্যাপল সমর্থিত এই ছবির গল্প নেওয়া হয়েছে ট্রাভোল্টার ১৯৯৭ সালের শিশুতোষ বই থেকে। আত্মজৈবনিক আবহে নির্মিত পারিবারিক গল্পের ছবিটিতে দেখা যাবে বিমানপ্রেমী এক কিশোর ও তার মায়ের হলিউডযাত্রার গল্প। ছবিটিতে অভিনয় করেছেন ট্রাভোল্টার মেয়ে এল্লা ব্লু ট্রাভোল্টাও।
ছবির প্রদর্শনী শেষে আবারও মঞ্চে ওঠেন ট্রাভোল্টা। সেখানে নিজের শৈশব, পরিবার ও বিমানপ্রেমের গল্প শোনান তিনি। অভিনেতা বলেন, কান উৎসবে ছবি নির্বাচনের খবর শুনেই শিশুর মতো কেঁদে ফেলেছিলেন তিনি।
ট্রাভোল্টার ভাষায়, ‘এই ছবি কেন তৈরি করেছি, আর কেন আমি একজন শিল্পী হয়ে উঠেছি, তার পেছনে রয়েছে আমার পরিবার।’ তিনি জানান, ছবির প্রধান চরিত্রে তার বড় বোনের ছায়া রয়েছে। একই সঙ্গে মায়ের প্রভাবও গভীরভাবে উঠে এসেছে গল্পে।
এবারের কান উৎসব শুরুর আগেই ঘোষণা দেওয়া হয়েছিল, উদ্বোধনী আয়োজনে সম্মানসূচক পাম দ’র পাবেন পিটার জ্যাকসন এবং সমাপনী আয়োজনে একই সম্মাননা গ্রহণ করবেন বারব্রা স্ট্রেইস্যান্ড। তবে প্রতি বছরই চমক হিসেবে অন্তত একজন তারকাকে হঠাৎ এই সম্মাননা দিয়ে থাকে কান কর্তৃপক্ষ। গত বছর এই সম্মান পেয়েছিলেন ডেনজেল ওয়াশিংটন।