মার্কিন অভিনেতা ও ব্রডওয়ে তারকা জশ গ্রিসেটি আর নেই। পরিবার জানিয়েছে, গত ১০ জুলাই ৪৪ বছর বয়সে তিনি আত্মহত্যা করেছেন। তার মৃত্যুর খবর প্রকাশের পর হলিউড ও থিয়েটার অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
মার্কিন গণমাধ্যম পিপল জানায়, পরিবারের পক্ষ থেকে জশের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে আত্মহত্যার পেছনের কারণ সম্পর্কে তারা কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানিয়ে এ বিষয়ে অনুমানভিত্তিক কোনো মন্তব্য না করারও অনুরোধ জানানো হয়েছে।
জশ গ্রিসেটি মূলত ব্রডওয়ের জনপ্রিয় মিউজিক্যাল সামথিং রটেন!–এ ‘নাইজেল বটম’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। প্রাণবন্ত অভিনয় ও অসাধারণ মঞ্চ উপস্থিতির জন্য তিনি দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন।
মঞ্চের পাশাপাশি ছোট পর্দাতেও ছিল তার নিয়মিত উপস্থিতি। জনপ্রিয় সিরিজ দ্য মার্ভেলাস মিসেস মেইজেল, নার্স জ্যাকি, দ্য গুড ফাইট, ল অ্যান্ড অর্ডার: স্পেশাল ভিকটিমস ইউনিট এবং দ্য ব্ল্যাকলিস্ট–সহ একাধিক আলোচিত প্রযোজনায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তিনি একজন দক্ষ গায়কও ছিলেন এবং বিভিন্ন মঞ্চনাটক ও সঙ্গীতনির্ভর প্রযোজনায় নিয়মিত পারফর্ম করেছেন।
জশের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন তার সহ-অভিনেতা রব ম্যাকক্লুর। তিনি লেখেন, এই ক্ষতি মেনে নেওয়া অত্যন্ত কঠিন। একই সঙ্গে ট্রেন্টিনো মিউজিক ফেস্টিভ্যাল কর্তৃপক্ষও এক শোকবার্তায় তাকে স্মরণ করে জানিয়েছে, জশ ছিলেন অসাধারণ প্রতিভাবান ও অনুপ্রেরণাদায়ী একজন শিল্পী।
মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র—তিন অঙ্গনেই নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখে গেছেন জশ গ্রিসেটি।