পরিবারের গল্প নিয়ে ‘পেপার টাইগার’ বানালেন জেমস গ্রে

হলিউডের আলোচিত নির্মাতা জেমস গ্রে। ‘দ্য লস্ট সিটি অব জেড’, ‘অ্যাড অ্যাস্ট্রা’, ‘টু লাভার্স’ কিংবা ‘আর্মাগেডন টাইম’-এর মতো চলচ্চিত্র দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন তিনি। ব্যক্তিগত স্মৃতি, পারিবারিক সম্পর্ক ও মানুষের জটিল মনস্তত্ত্ব তাঁর সিনেমার অন্যতম বৈশিষ্ট্য। এবার নিজের পরিবারের গল্প নিয়েই নতুন চলচ্চিত্র ‘পেপার টাইগার’ নির্মাণ করেছেন এই মার্কিন পরিচালক।

দোহা ফিল্ম ফেস্টিভ্যালে ২২ নভেম্বর আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের নতুন সিনেমার নেপথ্যের গল্প তুলে ধরেন জেমস গ্রে। জানান, ‘পেপার টাইগার’-এর গল্পের সঙ্গে জড়িয়ে আছে তাঁর পরিবারের বাস্তব কিছু ঘটনা। বিশেষ করে বাবা ও চাচার মধ্যকার সম্পর্ক এবং তাঁদের জীবনের নানা অভিজ্ঞতা চলচ্চিত্রটির গল্প নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

১৯৮৬ সালের নিউইয়র্কের পটভূমিতে নির্মিত ‘পেপার টাইগার’ একটি ক্রাইম থ্রিলার। এতে অভিনয় করেছেন হলিউডের তিন জনপ্রিয় তারকা অ্যাডাম ড্রাইভার, স্কারলেট জোহানসন ও মাইলস টেলার। দোহা ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে নিজের চলচ্চিত্র নির্মাণের দর্শন নিয়েও কথা বলেন জেমস গ্রে। জানান, কিংবদন্তি নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলার একটি পরামর্শ তাঁর জীবনে গভীর প্রভাব ফেলেছিল। কৈশোরে কপোলাকে চিঠি লিখেছিলেন তিনি। জবাবে কপোলা তাঁকে নিজের জীবন ও ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে গল্প খুঁজে নেওয়ার পরামর্শ দেন।

সেই পরামর্শ আজও অনুসরণ করছেন গ্রে। তাঁর বিশ্বাস, একজন নির্মাতার সবচেয়ে শক্তিশালী কাজের উৎস হতে পারে নিজের অভিজ্ঞতা, স্মৃতি ও আবেগ।

 

১৯৯৪ সালে ‘লিটল ওডেসা’ দিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনায় অভিষেক ঘটে জেমস গ্রের। প্রথম সিনেমাতেই ভেনিস চলচ্চিত্র উৎসবে সিলভার লায়ন পুরস্কার পান তিনি। এরপর ‘দ্য ইয়ার্ডস’, ‘উই ওন দ্য নাইট’ ও ‘টু লাভার্স’-এর মতো চলচ্চিত্র নির্মাণ করে প্রশংসিত হন।

২০১৬ সালে মুক্তি পাওয়া ‘দ্য লস্ট সিটি অব জেড’ এবং ২০১৯ সালের মহাকাশভিত্তিক চলচ্চিত্র ‘অ্যাড অ্যাস্ট্রা’ তাঁকে আরও বড় পরিসরে পরিচিতি এনে দেয়। ‘অ্যাড অ্যাস্ট্রা’য় প্রধান চরিত্রে অভিনয় করেন ব্র্যাড পিট। অন্যদিকে ২০২২ সালে মুক্তি পাওয়া আত্মজীবনীমূলক চলচ্চিত্র ‘আর্মাগেডন টাইম’-এ অভিনয় করেন অ্যান হ্যাথাওয়ে, জেরেমি স্ট্রং ও অ্যান্থনি হপকিন্স।

এদিকে চলচ্চিত্র নির্মাণে প্রযুক্তির পরিবর্তন নিয়েও আশাবাদী জেমস গ্রে। তাঁর মতে, স্মার্টফোনের মতো সহজলভ্য প্রযুক্তি নতুন প্রজন্মের নির্মাতাদের সামনে সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। এখন বড় বাজেট বা অত্যাধুনিক সরঞ্জাম ছাড়াও নিজের গল্প পর্দায় তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

দোহা ফিল্ম ফেস্টিভ্যালের এবারের আসরে নিজের চলচ্চিত্রের পাশাপাশি নির্মাতাদের সৃজনশীল স্বাধীনতা নিয়েও কথা বলেছেন জেমস গ্রে। তবে সবকিছুর ঊর্ধ্বে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে গল্প বলার গুরুত্বই তুলে ধরেছেন এই নির্মাতা।