দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন ‘অর্থহীন’ ব্যান্ডের ভোকালিস্ট সাইদুস সালেহীন খালেদ সুমন। শ্রোতাদের কাছে যিনি ‘বেজবাবা’ নামেই পরিচিত। চিকিৎসার নিয়মিত চেকআপের অংশ হিসেবে সম্প্রতি তিনি সিঙ্গাপুরে গেছেন। এর আগে থাইল্যান্ডে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ব্যান্ডটির ম্যানেজার টিটু। তিনি বলেন, ‘মাঝে সুমন ভাই অসুস্থ ছিলেন, এটা সবাই জানেন। এরপর থেকে নিয়মিত চেকআপ করাতে হয় তাঁকে। সে জন্যই প্রথমে থাইল্যান্ডে গিয়েছিলেন। সেখান থেকে সিঙ্গাপুর গেছেন তিনি। চলতি মাসের শেষের দিকে দেশে ফিরবেন।’
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে আবারও গুরুতর অসুস্থ সুমন। তাই বিষয়টি নিয়ে যেন কোনো প্রকার জল্পনা না ছড়ায় সে কারণে ফেসবুকে নিজের অবস্থার কথা জানিয়ে একটি পোস্ট দেন এই গায়ক-বেজিস্ট। বলেন, ‘অনেকের কিছু কনফিউশন দূর করার জন্য এই পোস্টটি করছি। আমি বিগত কয়েক সপ্তাহ ধরে আমার নিয়মিত চেকাআপের জন্য দেশের বাইরে আছি। চিকিৎসা শেষে দেশে ফিরব। খুব সম্ভবত এই মাসের শেষের দিকেই ফেরা হবে। কিন্তু সেটা নির্ভর করছে আমার শারীরিক অবস্থার ওপর।’
এর আগে, ব্যাংককের একটি হাসপাতালে দীর্ঘদিন ক্যানসারের চিকিৎসা নিয়েছিলেন বেজবাবা সুমন। কিছুটা সুস্থ হলে ২০২২ সালে দেশে ফিরে আবারও গানে মনযোগ দেন। যুক্ত হন কনসার্টে। প্রকাশ পায় তাঁদের নতুন অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ১’।
সবশেষ চলতি বছর ২০ অক্টোবর আর্মি স্টেডিয়ামে ‘চলো বাংলাদেশ কনসার্ট’ ও ২২ অক্টোবর আইসিসিবিতে একটি কনসার্টে অংশ নেয় অর্থহীন। তারপরই ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেন সুমন।