চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। শোবিজে তাঁর পথচলার শুরুটা হয়েছিল শিশুশিল্পী হিসেবে। ছোটবেলায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’ আসরে প্রথম হয়েছিলেন তিনি। শিশুশিল্পী হিসেবে তখন তিনি গান করতেন। এরপর অভিনয়-মডেলিংয়েও পদচারণা শুরু। একসময় গান ছেড়ে পুরোদস্তুর অভিনেত্রী হিসেবেই সবার কাছে পরিচিতি পান তিনি। তবে ক্যারিয়ারের শুরুর দিকে ‘স্ট্রিমিং অ্যান তিশা’ ব্যান্ডের হয়ে তিশার গায়কীতে নজরুলগীতি ‘এই শিকল পরা ছল’ গানটি বেশ জনপ্রিয় হয়েছিল। এবার আবারও গানের ভুবনে ফিরলেন এই অভিনেত্রী।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন তিশা। ওই পোস্টেই জানা যায়, তাঁর কণ্ঠে এসেছে নতুন গান। ‘অটোবায়োগ্রাফি’ শিরোনামে গানটির কথা লিখেছেন ইশতিয়াক আহমেদ এবং সুর ও সংগীতায়োজন করেছেন পাভেল আরিন।
সম্প্রতি স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব ফিল্ম ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। গত ৩০ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ৮টায় স্ট্রিমিং হয় এটি। তিশার কণ্ঠে এই গানটি মূলত এই ফিল্মের টাইটেল সং (শিরোনাম সংগীত)।
‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমাটি তিশা-ফারুকী দম্পতির জন্য অনেকগুলো ‘প্রথম’-এর সমন্বয়। তিশার ভাষ্যে, ‘‘সন্তান হওয়ার পর আমার (তিশা) প্রথম কাজ ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। একজন লেখিকা হিসেবে আমার প্রথম লেখা। মেয়ে ইলহামের প্রথম মিউজিক ভিডিও, একজন ডিরেক্টর ফারুকীর প্রথম অভিনয়। এক কথায় এই ফিল্মে অনেক কিছুই প্রথমবার ঘটেছে আমাদের। আর যেকোনো প্রথম বিষয় মানুষের জীবনে অনেক স্পেশাল।’’
সিনেমাটিতে ফারুকী-তিশা ছাড়াও অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল, ইরেশ যাকের, শরাফ আহমেদ জীবন, ডলি জহুরসহ অনেকে।