প্রকাশ্যে এলো টাইমস স্কয়ারে দেখা যাওয়া সেই শিল্পীদের প্রথম গান

উন্মুক্ত মঞ্চে কিংবা সাজানো সেটে নয়, বসার ঘরে বসে গান শোনার অনুভূতি নিয়ে এলো ‘টাইম জোন লিভিং রুম সেশন’। রবীন্দ্রনাথের গানে ভালোবাসার দিনে (১৪ ফেব্রুয়ারি) যাত্রা শুরু হলো এ সংগীত উদ্যোগের।

ক’দিন আগেই জানা গিয়েছিল, আমেরিকার টাইমস স্কয়ারের বিলবোর্ডে দ্যুতি ছড়িয়েছেন বাংলাদেশি ৯ শিল্পী। তাঁরা হলেন ইমরান মাহমুদুল, ঐশী, কণা, মাশা ইসলাম, জাহিদ নিরব, মুজিব পরদেশি, ইনিমা রশ্নি ও কাজল দেওয়ান। এবার তাঁদের মধ্যে সবার প্রথমে এলো কনার নতুন গান ‘ভালোবেসে সখী’। 

হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের চিরায়ত এই প্রেমের গানটিই নতুন সংগীতায়োজনে সুর করেছেন পাভেল আরিন। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় ইউটিউবে প্রকাশিত হয় গানটি।

ইতিমধ্যে চলচ্চিত্র কিংবা বাণিজ্যিকভাবে সংগীত পরিচালক হিসেবে পাভেলের হাত ধরে সৃষ্টি হয়েছে অসংখ্য জনপ্রিয় গান ও জিঙ্গেল। তবে সংগীত পরিচালক হিসেবে এ মিউজিক্যাল প্রজেক্টের মধ্য দিয়েই নিজের ভেতরকার স্বাধীন শিল্পীসত্ত্বাকে খুঁজে পেতে চাইছেন তিনি।  

পাভেল। ছবি: টাইম জোন লিভিং রুম সেশন

অনুভূতি প্রকাশ করতে গিয়ে পাভেল বললেন, ‌‘সবাইকে আমন্ত্রণ টাইম জোন লিভিং রুম সেশনে। কবিগুরুর জনপ্রিয় এ গানটি দিয়ে আমাদের প্রথম উপস্থিতি ঘটলো শ্রোতাদের সামনে। এটি এমন একটি গান, যার আবেদন কখনও ফুরোবার নয়। শ্রোতাদের কান এখন আন্তর্জাতিক মানসম্পন্ন মিউজিকের জন্য তৈরি, তাই এ ধরনের গানগুলোও নতুন আবেদনে, নতুন মিউজিকে শুনতে চায় সবাই। সেই চিন্তা থেকেই চেয়েছি শ্রোতাদের সুন্দর একটি শ্রবণ অভিজ্ঞতা দিতে।’

পাভেলের মতে, গানের ভাষার মতই ‘নিভৃতে যতনে’ শ্রোতাদের মনে জায়গা করে নেবে তাঁর এই সংগীত উদ্যোগ।

অন্যদিকে, খুব চেনা এই গান গাইতে গিয়ে নাকি ভয় ছিল কনার। তবে এ প্রজেক্টে গাওয়ার অভিজ্ঞতা তাঁর দারুণ। বললেন, ‘এ ধরনের অনেক চেনা গানগুলো গাইতে নার্ভাসনেস কাজ করে। এ গানগুলো এতবেশি শোনা মানুষের যে, একটু আধটু ভুলও মার্জনীয় নয়। যারা সংগীতপ্রেমী আছেন তাদের লিস্টে একেবারেই উর্ধ্বসারিতেই এ গানটি থাকে বলে আমার মনে হয়। পাভেল আরিনের সংগীত পরিচালনায় আগেও কাজ করেছি, কিন্তু এবারের অভিজ্ঞতা সত্যিই অন্যরকম। সাউন্ড ও মিউজিকের জন্য তিনি কখনোই কম্প্রোমাইজ করেন না। সবকিছু এত গোছানো ছিল যে আমরা শিল্পীরা শুধু গানের দিকেই মনোযোগ রাখতে পেরেছি।’

জানা যায়, গানটিতে ড্রামস বাজিয়েছেন ইমতিয়াজ আলি জিমি, ভায়োলিনে ছিলেন ইনিমা রোশনি, পলাশ দেওয়ান, আফসানা আকতার, ইয়ার হোসাইন ও হারমোনিকা বাজিয়েছেন আসাদ। গিটারে ছিলেন হাসিবুল নিবিড়, মিছিল, এএমএম নওয়াজ শরীফ। সলো বাজিয়েছেন তানভীর তরী, গিটালেলেতে ছিলেন রায়হান পারভেজ প্রান্ত ও পিয়ানো আরিফুল হাসান শান্ত। 

এই আয়োজনের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে কল্লোল গ্রুপ অব কোম্পানির আওতাধীন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ঘড়ির স্বীকৃতিপ্রাপ্ত রিটেইল চেইনশপ ‘টাইম জোন’। সংগীত প্রযোজনা করেছে বাটার কমিউনিকেশন। গানগুলোর ভিডিও নির্মাণ করেছেন মারুফ রায়হান। পরিবেশনায় রয়েছে মাশরুম এন্টারটেইনমেন্ট। ওয়্যারড্রোব পার্টনার—সেইলর এবং পিআর পার্টনার হিসেবে সহযোগিতা করছে ইস্টিশন কমিউনিকেশনস।

পাভেল জানান, প্রথম সিজনে ৯টি গানের মধ্যে আটটি রিমিক্স ও একটি মৌলিক গান রয়েছে। নিয়মিত বিরতি দিয়ে গানগুলো প্রকাশিত হতে থাকবে।