এসেছেন টেইলর সুইফট, চাঙা সিঙ্গাপুরের পর্যটন অর্থনীতি

ক্যারিয়ারের সুবর্ণ সময়ে রয়েছেন মার্কিন পপতারকা টেইলর সুইফট। গত বছর বেশ কিছু কীর্তি গড়েছেন তিনি। পাশাপাশি অনেক বড় বড় তারকার রেকর্ডও ভেঙে দিয়েছেন। ক’দিন আগে ৬৬তম গ্র্যামিতে পেয়েছেন চতুর্থবারের মতো ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার। এ ছাড়া সাম্প্রতিক সময়ে এই তারকা সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিশ্বব্যাপী কনসার্ট ‌‘এরাস ট্যুর’-এর জন্য। যে দেশেই পা রাখছেন সেখানেই করছেন বাজিমাত। এবার তিনি এসেছেন সিঙ্গাপুর মাতাতে। আর এই উপলক্ষে দলে দলে দেশটিতে ভীড় করছেন সুইফটিরা। চাঙা হয়ে উঠেছে সেখানকার পর্যটন অর্থনীতি। শুধু তা-ই নয়, সেই ঈর্ষায় গা ভাসিয়েছে পর্যটননির্ভর বিভিন্ন দেশও।

এর আগে গায়িকার টোকিও কনসার্ট ব্যাপক সাড়া ফেলেছিল জাপানে। এবার সেই উত্তেজনা দেখা যাচ্ছে সিঙ্গাপুরেও। গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই কনসার্ট চলবে আগামী ৯ মার্চ পর্যন্ত। এ সময় তিনি ৬টি কনসার্টে পারফর্ম করবেন। বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে জানা যায়, ইতিমধ্যে ৩ লাখের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। 

এদিকে, টেইলরের কনসার্টের জন্য আগে থেকেই সিঙ্গাপুরের হোটেল, বিমানের ফ্লাইট বেশিরভাগই বুকিং হয়ে গিয়েছিল। সংগীতপ্রেমীরা এর নাম দিয়েছেন ‘সুইফট ইফেক্ট’। প্রায় ৩ লাখ সুইফটভক্ত জড়ো হয়েছেন সিঙ্গাপুরের বিভিন্ন শহরে।

৪ মার্চ সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়াম মাতিয়েছেন টেইলর সুইফট। সেই কনসার্টের মুহূর্তে সুইফটিরা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

জানা যায়, গায়িকা সর্বশেষ স্টেডিয়াম ট্যুর করেছিলেন ২০১৮ সালে। এরপর এবার পাঁচ বছরের বিরতি ভেঙে গত বছর থেকে বেরিয়েছেন এরাস ট্যুরে। এতে তিনি গাইবেন পাঁচ মহাদেশের ১৫২টি কনসার্টে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু সিঙ্গাপুরেই গাইছেন টেইলর। আর এ নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়েছে থাইল্যান্ড ও সিঙ্গাপুর।

সম্প্রতি এক ব্যবসায়িক ফোরামে থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন মন্তব্য করেন, সিঙ্গাপুর এরাস ট্যুরের দক্ষিণ-পূর্ব এশিয়া পর্বের জন্য টেইলরের সঙ্গে শো প্রতি প্রায় ৩ মিলিয়ন ডলার খরচের চুক্তি করেছে। তবে সিঙ্গাপুরের সংস্কৃতিমন্ত্রী এডউইন টং এই অভিযোগ অস্বীকার করেছেন।

এদিকে, সিঙ্গাপুরে আশপাশের অনেক দেশ থেকে জড়ো হয়েছেন সুইফটিরা। ফিলিপাইনের ম্যানিলা থেকে ১৭ জনের একটি দলের সঙ্গে সিঙ্গপুর এসেছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার চার্লিন সুইজো। জানালেন, প্রিয় ‌টেইলর সুইফটের গান শুনতে প্রায় ছয় হাজার ডলার খরচ করবেন তিনি।

এরাস ট্যুর উপলক্ষে সিঙ্গাপুরে নেমেছে সুইফটিদের ঢল। ছবি: সংগৃহীত

সব মিলিয়ে, চাঙা হয়ে উঠেছে সিঙ্গপুরের পর্যটন শিল্প। মেব্যাংকের অর্থনীতিবিদ চুয়া হাক বিন জানান, সাত দিনে ছয় কনসার্টের টিকিট কাটা মোট তিন লাখ শ্রোতার মধ্যে প্রতি দশ জনের সাতজনই বিদেশি। সেই হিসাবে এক সপ্তাহে কমপক্ষে ২ লাখ ১০ হাজার দর্শক সিঙ্গাপুরে এসেছেন গান শুনতে।

এই অর্থনীতিবিদ আরও জানান, ২০০৮ সালে থেকে গ্রাঁ প্রিঁ আয়োজন করে আসছে সিঙ্গাপুর। বিগত ১৫ বছরে এই আয়োজন ঘিরে আয় হয়েছে দুই বিলিয়ন সিঙ্গাপুরি ডলার (১৫০ কোটি মার্কিন ডলার)। অথচ টেইলর সুইফটের কনসার্ট উপলক্ষে মাত্র সাত দিনেই আয়ের অংক স্পর্শ করবে ৩৫০ থেকে ৫০০ মিলিয়ন সিঙ্গাপুরি ডলার।

প্রসঙ্গত, এরই মধ্যে এক বিলিয়ন ডলারের বেশি আয় হয়েছে টেইলরের এরাস ট্যুর থেকে। ২০২৩ সালের ১৭ মার্চ শুরু হওয়া এই কনসার্ট ট্যুর শেষ হবে আগামী ৮ ডিসেম্বর। সেদিন কানাডার ভ্যাঙ্কুভারে গাইবেন তিনি।