ব্যান্ড তারকা খালিদ মারা গেছেন 

নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী চাইম ব্যান্ডের ভোকাল খালিদ আজ সোমবার সন্ধ্যায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর গ্রিনরোডের কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড নার্সিং হোম তাঁর মৃত্যুর তথ্যটি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছে। ডায়াগনস্টিক সেন্টারটি থেকে জানা যায়, সন্ধ্যায় সেখানে আনার আগেই তিনি মারা গেছেন। ধারণা করা হচ্ছে, বাসাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন খালিদ।

চিকিৎসকরা জানিয়েছেন খালিদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তার হার্টে রিং পরানো ছিল।

জানা গেছে, রাত সাড়ে ১১টায় গ্রিন রোড জামে মসজিদে খালিদের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকালে তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘তুমি নেই তাই’–এর মতো বহু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেন খালিদ।

বাংলা ব্যান্ড সংগীতের স্বর্ণযুগের উজ্জ্বল নক্ষত্রের নাম খালিদ, যিনি চাইমের খালিদ নামে পরিচিত। ১৯৮৭ সালে সারগাম থেকে প্রকাশিত ‘চাইম’ এর প্রথম অ্যালবাম (সেলফ টাইটেলড) দিয়ে যাত্রা শুরু তাঁর। চাইমের ব্যান্ড অ্যালবামের চেয়ে খালিদ জনপ্রিয় হয়ে যান ব্যান্ড মিক্সড অ্যালবাম দিয়ে। মূলত খালিদ তাঁর জনপ্রিয়তা ধরে রাখেন ব্যান্ড মিক্সড অ্যালবাম দিয়ে। 
 
বাংলা ব্যান্ড সংগীতের আরেক তারকা প্রিন্স মাহমুদের ব্যান্ড মিক্সড অ্যালবামগুলোতে খালিদ তাঁর গান দিয়ে শ্রোতাদের মুগ্ধ করেন। প্রিন্স মাহমুদের অ্যালবামগুলোর মধ্যে খালিদের গাওয়া ‘কিভাবে কাঁদাবে’, ‘আবার দেখা হবে’, ‘নীরা’, ‘আকাশনীলা’, ‘কোন কারণেই’, ‘হয়নি যাবার বেলা’ শ্রোতা মহলে ব্যাপক জনপ্রিয়তা পায়।