সামাজিকমাধ্যম ফেসবুকে বেশ সরব ‘সংগীতের যুবরাজ’খ্যাত গায়ক আসিফ আকবর। ব্যক্তিগত বিষয়াবলী ছাড়াও নানা ইস্যু নিয়ে কথা বলেন তিনি। বর্তমানে দেশের ক্রীড়াঙ্গনে আলোচিত ঘটনা জাতীয় দল থেকে ইতালি প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলামের বাদ পড়া। এবার এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন গায়ক।
মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে ক্রীড়াঙ্গন সংশ্লিষ্ট সিন্ডিকেটের সমালোচনা করেছেন আসিফ। তিনি লেখেন, ‘বাফুফে, বিসিবি, ক্রীড়া পরিষদ ও ক্রীড়া মন্ত্রণালয়ে কাজ করে বাংলাদেশের সবচেয়ে কুটিল সিন্ডিকেট এবং এগুলো *** আখড়া।’
এই পোস্টে তরুণ ফুটবলার ফাহামেদুলের বাদ পড়া নিয়ে সরাসরি কিছু না বললেও নেটিজেনরা ঠিকই বুঝে নিয়েছেন যে আসিফ কেন এই কথা বলছেন! তাঁর পোস্টের মন্তব্যঘরে একজন লিখেছেন, ‘একটা বিপ্লব হলো। আশা করেছিলাম দেশ সিন্ডিকেট মুক্ত হবে। কিন্ত ওমা এ কী দেখছি! সিন্ডিকেট শুধুমাত্র হাতবদল হয়েছে। প্রথমে শুনলাম ফাহামেদুলের গতির সাথে দলের কেউ তাল মেলাতে পারছে না আর এখন শুনি সে বাদ! হায়রে সিন্ডিকেট!’ জবাবে গায়কের ভাষ্য, ‘কিছু জায়গা হাতবদল হয়ে ডাস্টবিনে নেমেছে।’
প্রসঙ্গত, আসন্ন এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব সামনে রেখে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা পেয়েছিলেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলাম। তবে সৌদি আরবের কন্ডিশনিং ক্যাম্প শেষে তিনি বাদ পড়েছেন। এই খবরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সমালোচনায় মুখর হয়েছেন ক্রীড়াপ্রেমীরা। সামাজিকমাধ্যমে তারকাদের অনেকেই মুখ খুলেছেন।