কাকে বিয়ে করলেন ‘টোয়াইলাইট’খ্যাত ক্রিস্টেন স্টুয়ার্ট?

প্রেমিকা চিত্রনাট্যকার ডিলান মেয়ারকে বিয়ে করলেন ‘টোয়াইলাইট’খ্যাত অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। দীর্ঘদিন ধরেই সম্পর্কে ছিলেন তাঁরা। অবশেষে চুপিসারে বিয়ে সারলেন এই যুগল। ২০১৯ সালের অক্টোবরে সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন ক্রিস্টেন ও ডিলান। ২০২১ সালে তাঁরা বাগদান সেরেছিলেন।

যদিও বিয়ের খবর গোপনই রেখেছিলেন ক্রিস্টেন ও ডিলান। মঙ্গলবার (১৫ এপ্রিল) পেয়েছেন বিয়ের প্রমাণপত্র। তারপরেই লস অ্যাঞ্জেলেসে নিজেদের বাড়িতে বিয়ে সেরেছেন তাঁরা। 

সংবাদমাধ্যম টিএমজেড জানিয়েছে, বিয়েতে দুজনের ঘনিষ্ঠরা উপস্থিত ছিলেন। বন্ধুদের মধ্যে অভিনেত্রী অ্যাশলে বেনসন ও তাঁর স্বামী ব্র্যান্ডন ডেভিস উপস্থিত ছিলেন। বিয়েতে যাতে গোপনীয়তা বজায় থাকে, সেদিকে বিশেষ সতর্কতা বজায় রাখা হয়েছিল।

বিয়ের পিঁড়িতে ডিলান ও ক্রিস্টেন। ছবি: সংগৃহীত

বিয়েতে ক্রিস্টেন পরেছিলেন ছাই রঙের একটি পোশাক। খোলা চুলেই এসেছিলেন বাসরে। অন্যদিকে, ডিলান বেছে নিয়েছিলেন সাদা রঙের ছোট একটি পোশাক। 

এর আগে এক সাক্ষাৎকারে বিয়ের পরিকল্পনা নিয়ে ক্রিস্টেন বলেছিলেন, ‌‘আমি ধুমধাম করে বিয়ে করতে চাই। আমরা হয়তো হঠাৎই সিদ্ধান্ত নেব। এই সপ্তাহান্তে বিয়েটা করা যাক, এই ভেবে বিয়ে করব। তারপর সকলের সঙ্গে দেখা করে নেব। আসলে আমি ভালো করে পরিকল্পনা করতে পারি না।’

বিয়ের পর পরিবার নিয়ে এই অভিনেত্রীর ভাষ্য, ‘আমি জানি না আমার পরিবার কেমন হবে। কিন্তু কোরোভাবেই আমি বাচ্চার কথা ভাবিনি। আবার হতেই পারে, হঠাৎ মনে হলো আমি সন্তান চাই। অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে আমার ভয় নেই। বাচ্চাদেরও ভয় লাগে না। কিন্তু সন্তান জন্ম দেওয়ার পদ্ধতি আমার কাছে ভীতিপ্রদ।’

প্রসঙ্গত, টোয়াইলাইট ফ্র্যাঞ্চাইজিতে অভিনয়ের সুবাদে বিশ্বজোড়া খ্যাতি কুড়িয়েছেন ক্রিস্টেন স্টুয়ার্ট। এ ছাড়াও তাঁর অভিনীত সিনেমার মধ্যে ‘প্যানিক রুম’, ‘জাথুরা’, ‘ইন দ্য ল্যান্ড অব উইমেন’, ‘দ্য মেসেঞ্জার’, ‘অ্যাডভেঞ্চারল্যান্ড’, ‘দ্য রানওয়েজ’ প্রভৃতি উল্লেখযোগ্য।