প্রাক্তন দুই প্রেমিকাকে জোরপূর্বক পতিতাবৃত্তিতে প্ররোচিত করার অভিযোগে মার্কিন হিপহপ মুঘল শন ‘ডিডি’ কম্বসকে ৫০ মাসের (চার বছর দুই মাস) কারাদণ্ড দিয়েছেন মার্কিন আদালত। শুক্রবার (৩ অক্টোবর) এক শুনানি শেষে এই রায় প্রদান করেন বিচারক।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, নিউইয়র্কের একটি কারাগারে ইতিমধ্যেই ১২ মাস যাবত কারাবন্দি রয়েছেন ডিডি, যা তাঁর সাজার সঙ্গে যুক্ত হবে। এ ছাড়া প্রভাবশালী এই র্যাপার অবিলম্বে আপিল করবেন বলেও আশা করা হচ্ছে।
কম্বসের আইনজীবীরা ১৪ মাসের কারাদণ্ডের পক্ষে যুক্তি দিয়েছিলেন, কিন্তু প্রসিকিউটররা তাঁর পারিবারিক সহিংসতার ইতিহাস উল্লেখ করে ১১ বছর কারাদণ্ড চেয়েছিলেন। শেষপর্যন্ত বিচারক অরুণ সুব্রামানিয়ান জানান, প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এবং একটি বার্তা দেওয়ার জন্য উল্লেখযোগ্য সাজা প্রয়োজন।
আদালত প্রসিকিউটরদের পাশাপাশি গায়কের কয়েকজন সন্তানের জবানবন্দি শুনেছেন, সেইসময় সন্তানদের কেউ কেউ প্রকাশ্যে কাঁদছিলেন। আসামিপক্ষের আইনজীবীরা কম্বসকে ‘অনুপ্রেরণামূলক’ হিসেবে অভিহিত করেছিলেন, যদিও উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে কম্বস নিজেই ক্ষমা চেয়েছেন।
বিচারক ৫০ মাস সাজা ঘোষণার আগে আদালতে প্রথমবারের মতো প্রকাশ্যে মুখ খুলেন কম্বস। দুই অভিযোগকারী—সাবেক প্রেমিকা ক্যাসান্দ্রা ভেনচুরা ও জেন, যাঁরা ছদ্মনামে সাক্ষ্য দিয়েছিলেন, তাঁদের নাম উল্লেখ করে তিনি ক্ষমাপ্রার্থনা করেন।
কম্বস বলেন, ‘আমার কাজগুলো অস্বস্তিকর, লজ্জাজনক ও বিকারগ্রস্ত ছিল।’ তিনি আরও বলেন, ‘আমি অতিরিক্ত অহংবোধে ডুবে গিয়েছিলাম।’
এদিকে, শুনানির সময় ডিডিকে নিয়ে নির্মিত ১৫ মিনিটের একটি ভিডিও প্রদর্শিত হয়, যেখানে আসামিপক্ষ তাঁর কৃতিত্বগুলো তুলে ধরেন। বিচারক সুব্রামানিয়ান নিজেও সেসব বিষয়ে একমত প্রকাশ করেন যে, কম্বস বেশকিছু দাতব্য সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের জন্য সেবামূলক নানা কাজ করেছেন।