এপার-ওপার দুই বাংলাতেই জনপ্রিয় সংগীত তারকা নচিকেতা চক্রবর্তী। তাঁর গাওয়া গান ‘বৃদ্ধাশ্রম’ শুনলে আজও শ্রোতাদের চোখ ভিজে যায়। তবে ভক্তদের জন্য দুঃসংবাদ! হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন নচিকেতা।
ভারতীয় একাধিক গণমাধ্যমের বরাতে জানা যায়, শনিবার (৬ ডিসেম্বর) গায়ককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মূলত হৃদযন্ত্রের সমস্যার কারণেই তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। যদিও এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
আজ রোববার আসানসোলে নচিকেতার শো ছিল। কিন্তু অসুস্থতার কারণে গায়কের আগামী কয়েকদিনের অনুষ্ঠান এরইমধ্যে বাতিল করা হয়েছিল। বাড়িতেই ছিলেন নচিকেতা, তবে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতেও একবার সামাজিকমাধ্যমে নচিকেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়েছিল। সেই সময় একইভাবে বেশ কয়েকটি অনুষ্ঠানও বাতিল করে দেওয়া হয়েছিল। ভক্তরা ভেবেছিলেন হয়তো গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন গায়ক, যদিও পরে জানানো হয় সার্ভিকাল স্পন্ডাইলোসিস বেড়ে যাওয়ার কারণে সাময়িক বিরতিতে ছিলেন তিনি।
তবে এবার সার্ভিকাল স্পন্ডাইলোসিস নয়, হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন নচিকেতা। এই বিষয়ে অবশ্য পরিবারের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।