কনসার্টে ওসমান হাদী, আবরারসহ সকল হত্যার বিচার দাবি তাসরিফের

দেশের যেকোনো দুর্যোগকালে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান ব্যান্ড ‘কুঁড়েঘর’-এর গায়ক তাসরিফ খান। জুলাই গণঅভ্যুত্থানেও ছাত্র-জনতার পাশে ছিলেন তিনি। এবার কনসার্টে শহীদ ওসমান হাদী, আবরারসহ সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সোচ্চার হয়েছে তাঁর ব্যান্ড।  

বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে সামাজিকমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন তাসরিফ। যেখানে দেখা যায়, কনসার্টে ওসমান হাদীর ছবি-সম্বলিত প্ল্যাকার্ড তুলে ধরেছেন তিনি। আর তাঁর সতীর্থদের তুলে ধরা প্ল্যাকার্ড বলছে, ‘উই আর হাদী’ ও ‘জাস্টিস ফর হাদী’।

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শহীদ ওসমান হাদীসহ সাম্প্রতিক সময়ের সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করে ক্যাপশনে তাসরিফ লেখেন, ‘ইনসাফ হতে আর কত দেরি ইন্টেরিম? আমরা কুঁড়েঘর ব্যান্ড প্রতিটা কনসার্টে, আড্ডায়, অলিগলিতে আমাদের ভাইয়ের হত্যার বিচারের দাবিতে চারদিক ছেয়ে ফেলব ইনশাআল্লাহ।’

যোগ করে আরও বলেন, ‘কোনো রকম নাটক করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে বিরাট বড় ভুল হবে ইন্টেরিম। ওসমান হাদী, আবরারসহ প্রতিটা হত্যার আসামিদের বিচার দ্রুত কার্যকর করতে হবে।’ 

সবশেষে তিনি লেখেন, ‘বিচার পাওয়া কোনো দয়া না, বরং এটা আমাদের অধিকার।’

প্রসঙ্গত, ২০২২ সালে সিলেটের বন্যায় বিপর্যস্ত মানুষদের জন্য কাজ করেছিলেন তাসরিফ। সেই ধারাবাহিকতায় যেকোনো প্রাকৃতিক দুর্যোগের সময় তাঁকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে।