দীর্ঘ ১০ বছর বিরতির পর গত বছরের শেষদিকে গানে ফিরেছে ব্যান্ড ‘সিক্স’। ২০১২ সালে তরুণ রক মিউজিশিয়ানদের রিয়্যালিটি শো ‘নেসক্যাফে গেটসেট রক’-এ চ্যাম্পিয়ন হয়ে আলোচনায় এসেছিল ব্যান্ডটি। এবার দীর্ঘ বিরতির পর ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) প্রকাশ পেয়েছে তাঁদের নতুন গান, শিরোনাম ‘ভালোবাসি’।
‘আজ এখনও আছি আমি/ থাকতে চাই আরও কিছুক্ষণ/ দেখতে তোমার নীল নয়ন/ হারাব আমি’—দীর্ঘ একযুগ আগে প্রথমবার এফএম রেডিওতে শোনা যেত ব্যান্ড সিক্সের এই গান; কিন্তু বাণিজ্যিকভাবে তা প্রকাশ পায়নি। এরপর থেমে যায় ব্যান্ডটির পথচলা। এবার সেই অপ্রকাশিত গানটি প্রকাশিত হলো মিউজিক্যাল ফিল্ম হিসেবে।
ব্যান্ডটির দলনেতা বেজিস্ট রাকিবুল রোমান্স জানান, ২০১৫ সালের ডিসেম্বরে ব্যান্ডটির পথচলা থেমে যাওয়াই দ্বিতীয় অ্যালবামের কাজও বন্ধ হয়ে যায়। তবে গত বছর থেকে ব্যান্ডটি আবার গানে ফিরেছে। গিটারিস্ট ও প্রডিউসার রেজোয়ান আশরাফ দেশের বাইরে থেকেই ব্যান্ডের কাজ করছেন। বেশকিছু নতুন গান মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের।
ভালোবাসি গানটির কথা ও সুর করেছেন ড্রামার আরিফ শিশির। গানটি মূলত তাঁর বাস্তব জীবনের একটি বিরহের গল্প নিয়ে আবর্তিত। বেজিস্ট রোমান্স বলেন, ‘আমরা যখন গানটি নতুন করে করার কথা ভাবি, তখনই সিদ্ধান্ত নিই একটি মিউজিক্যাল ফিল্ম তৈরি করব, যেখানে সত্য ঘটনাটি উঠে আসবে। গল্পের মূল নায়ক আমাদের ড্রামার আরিফ শিশির নিজেই। যেহেতু তার অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে, তাই তিনি এখানে প্রধান চরিত্র হিসেবে কাজ করেছেন। আমরা এখানে কোনো নেতিবাচকতা দেখাইনি; বরং দুজন মানুষের আলাদা হয়ে যাওয়ার পরও একে অপরের প্রতি যে টান এবং আকুতি থাকে, তা ফুটিয়ে তুলেছি।’
মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন শৌরিন। ব্যান্ড সিক্স তাঁদের দ্বিতীয় অ্যালবামের প্রথম গান হিসেবে সম্প্রতি ‘এই তো সময় ২’ প্রকাশ করেছে। এবার প্রকাশিত ‘ভালোবাসি’ হতে যাচ্ছে এই অ্যালবামের দ্বিতীয় গান।