বাউল সাধক কানাই দাস মারা গেছেন 

ভারতের প্রখ্যাত বাউল সাধক ও শিল্পী কানাই দাস আর নেই। শনিবার (১৮ এপ্রিল) সকালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় চিত্রগ্রাহক ও নির্মাতা রঞ্জন পালিত।

জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই সাধক-শিল্পী। বিশেষ করে গত দুই মাস ধরে তিনি যক্ষ্মায় আক্রান্ত ছিলেন। এর পাশাপাশি দীর্ঘদিন ধরে ক্রনিক অ্যাজমা ও ডায়াবেটিসজনিত সমস্যাও ছিল তার।

গ্রামবাংলার এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া কানাই দাস বাউল শৈশব থেকেই ছিলেন দৃষ্টিহীন। তবে শারীরিক এই সীমাবদ্ধতা তার জীবনের পথচলায় কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ছোটবেলা থেকেই সংগীত ও আধ্যাত্মিকতার প্রতি তার গভীর আকর্ষণ ছিল। পরে বাউল গুরুর সান্নিধ্যে এসে তিনি নিজেকে সম্পূর্ণভাবে নিবেদিত করেন বাউল সাধনায়।

একতারা হাতে গ্রাম থেকে গ্রামে, মেলা থেকে আখড়ায় ঘুরে বেড়িয়ে তিনি গেয়ে গেছেন মানবতা, প্রেম ও জীবনের গভীর দর্শনের গান। তার কণ্ঠে যেমন ছিল বেদনার ছোঁয়া, তেমনি ছিল মানবিকতার গভীর বার্তা। গানকে তিনি শুধু বিনোদন হিসেবে দেখেননি, বরং মানুষের অন্তর্গত সত্তাকে জাগ্রত করার এক মাধ্যম হিসেবে তুলে ধরেছেন।

দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে বাউল সংগীত পরিবেশন করে খ্যাতি অর্জন করেন কানাই দাস। ২০১৯ সালে তিনি ‘সহজিয়া সম্মান’ লাভ করেন। তার জীবন ও সাধনাকে ঘিরে প্রখ্যাত ইতিহাসবিদ উইলিয়াম ডালরিম্পল তার আলোচিত বই ‘নাইন লাইভস’-এর একটি অধ্যায়ে ‘দ্য সংস অব দ্য ব্লাইন্ড মিনস্ট্রেল’ শিরোনামে বিশেষভাবে তুলে ধরেন।