ককরোচ জনতা পার্টির (সিজেপি) পক্ষে সরব হয়েছেন অরিজিৎ সিং। সোমবার (২০ জুলাই) কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের ‘সংসদ চলো’ কর্মসূচিতে পুলিশের বেধড়ক লাঠিচার্জের পর একটি পোস্ট করেছিলেন গায়ক। জন্তর মন্তরে শিক্ষার্থীদের ওপর পুলিশের এমন মারমুখী কাণ্ডের তীব্র নিন্দা জানান তিনি।
নিজের ব্যক্তিগত এক্স হ্যান্ডলের পোস্টে হুঁশিয়ারির সুরে এ-ও বলেছিলেন যে, পরিবর্তনই একমাত্র ধ্রুবক। এই পোস্টের পরই অরিজিতের প্রশংসায় পঞ্চমুখ হন তাঁর অনুরাগীরা। তবে একদল ভক্ত এতে নিজেদের আপত্তির কথাও জানিয়েছেন। তেমনই এক ভক্তকে মুখ ফুটে জবাব দিলেন অরিজিৎ।
শিক্ষার্থীদের সমর্থনে এই ভারতীয় গায়ক লেখেন, ‘শিক্ষার্থীদের মারধর করছে ওরা! দিল্লি পুলিশ, আপনাদের কি লজ্জা হচ্ছে না? নেতা-মন্ত্রীদের বলছি, এসব কী হচ্ছে ভাই! আপনারা কি এবার নিজেদেরই ভগবান মনে করছেন? সবকিছু মনে রাখা হবে। হর হর মহাদেব!’
সাবধান করে অরিজিৎ লেখেন, ‘একটা কথা মনে রাখবেন, পরিবর্তনই একমাত্র ধ্রুবক।’
গায়কের এই পোস্টের মন্তব্যঘরে এক ভক্ত লেখেন, ‘বিষয়টা সিজেপি বা সরকারকে নিয়ে নয়, কিন্তু আজ আপনার প্রতি সমস্ত শ্রদ্ধা চলে গেল। বহু বিষয় রয়েছে আমার এই ভাবনার নেপথ্যে। কিন্তু আপনি বলেই দিয়েছেন, আমার মতামতে আপনার কিছু যায় আসে না। এত দিন আপনার ভক্ত থেকে এটাই বোধহয় আমার প্রাপ্য ছিল। কিন্তু এখন আপনাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ঘৃণা করি।’
এবার নিজের ভদ্রতা ও সৌজন্যতা বজায় রেখে সেই ভক্তকে জবাব দিয়েছেন অরিজিৎ। তিনি স্পষ্ট জানিয়েছেন, কেউ তাঁকে সম্মান করেন কিনা, সেই বিষয়ে তিনি একেবারেই চিন্তত নন। তাঁর ভাষ্য, ‘অন্য কারও কী মতামত হবে, তা নিয়ে আমি চিন্তিত নই। কারণ সকলের ভিন্ন ভিন্ন মতামত থাকেই। আপনি আমার ভক্ত বলে আমাকে মিষ্টি করে আপনার মতো করে কথা বলতে হবে, এর কোনো মানে নেই।’
সৌজন্য বজায় রেখে ক্ষমাও চেয়ে নিয়েছেন অরিজিৎ। কিন্তু নিজের অবস্থানে তিনি অনড়। তাঁর কথায়, ‘মানুষ হিসেবে আপনার কাছে আমি ক্ষমা চাইছি। আমার কথা হয়তো আপনার ভাবাবেগে আঘাত করেছে। কিন্তু আমি সত্যিই দুঃখিত, আমার উদ্দেশ্য তেমন ছিল না। আমি খুবই ক্রুদ্ধ বিষয়টি নিয়ে। আমি স্বাধীনভাবে কথা বলছি, সেজন্য আমাকে ক্ষমা করবেন।’
সবশেষে এই ভক্তকে অরিজিতের পরামর্শ, ‘আপনি নিজের প্লেলিস্ট থেকে আমার সব গান মুছে ফেলতে পারেন। আমার অস্তিত্বও ভুলে যেতে পারেন। সুখে থাকুন। মন থেকে আপনার জন্য শুভকামনা রইল। কিন্তু আমার মতামতে কোনো পরিবর্তন আসবে না। ভালো থাকবেন।’
অরিজিতের এমন সপাটে জবাবে মুগ্ধ তাঁর বাকি অনুরাগীরা। শুধু এই গায়কই নন, বলিউডের নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি, দিলজিৎ দোসাঞ্জ, ভূমি পেডনেকার, স্বরা ভাস্কর, হুমা কুরেশি, দিয়া মির্জাসহ আরও অনেকে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়েছেন।