সাবিনা ইয়াসমিনের জন্মদিনে বিশেষ অনুষ্ঠান

কেউ বলেন ‘বাংলার কোকিলকণ্ঠী’, আবার কেউ বলেন মিষ্টি গায়িকা—এমন নানা অভিধায় ভূষিত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। প্রজন্ম থেকে প্রজন্ম বুঁদ হয়েছে তাঁর সুরেলা কণ্ঠের জাদুতে। আজ এই জীবন্ত কিংবদন্তির জন্মদিন। জীবনের ৭২ বসন্ত পেরিয়ে ৭৩-এ পা রাখলেন তিনি।

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে হাজার হাজার গান গেয়েছেন তিনি। আর তাঁর এই সংগীত-যাত্রা শুরু হয়েছিল একেবারে ছোটবেলায়। মাত্র ৭ বছর বয়সে স্টেজে উঠে গান করেছিলেন তিনি। বড়বোন ফরিদা ইয়াসমিন যখন ওস্তাদ দুর্গাপ্রসাদ রায়ের কাছে গানের তালিম নিতেন, তখন সাবিনাও বোনের পাশে বসে সেই গানগুলো কণ্ঠে তুলে নিতেন।

শিল্পী সাবিনা ইয়াসমিনের ছোটবেলা, বাবা-মায়ের গল্পসহ নানা বিষয় উঠে এসেছে চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমানের সঙ্গে ‘শুধু গান গেয়ে পরিচয়’ অনুষ্ঠানের আলাপচারিতায়। আজ রাত ১০টা ২০ মিনিটে এবং ৫ সেপ্টেম্বর শনিবার বিকেল ৫টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে এ অনুষ্ঠান। 

১৯৫৪ সালের আজকের দিনে সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন সাবিনা ইয়াসমিন। পিতা লুতফর রহমান ব্রিটিশ রাজের অধীনে সরকারি কর্মকর্তা ছিলেন এবং মা বেগম মৌলুদা খাতুন ছিলেন কণ্ঠশিল্পী। তাঁর মা সংগীতজ্ঞ ওস্তাদ কাদের বকশের কাছে গানের তালিম নিয়েছিলেন। পাঁচ বোনের মধ্যে ছোট সাবিনার চার বোনই সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁরা হলেন ফরিদা ইয়াসমিন, ফৌজিয়া ইয়াসমিন, নীলুফার ইয়াসমিন ও নাজমা ইয়াসমিন।