চলছে ব্যান্ড সোলসের বছরব্যাপী আয়োজন। দলটির ৫০ বছর পূর্তি উপলক্ষে কনসার্ট ও গান প্রকাশ চালিয়ে যাচ্ছে। সেই আয়োজনের অংশ হিসেবে সোলসের সদস্যরা এখন আছেন যুক্তরাজ্যে। ইতোমধ্যে লন্ডনে কনসার্ট করেছে দলটি। এবার সেখানেই তারা বাঁধল নতুন গান। শিরোনাম ‘নতুন শহর’।
জানা গেছে, গত ১১ জুলাই সন্ধ্যায় বার্মিংহামের কনসার্টে অংশ নেয় সোলস। এটি শেষে মধ্যরাতে বার্মিংহাম স্টুডিওতে ব্যান্ডের সদস্যরা বসেন নতুন গান নিয়ে। সেই রাতেই লেখা ও সুর করা হয় ‘নতুন শহর’। গানের কথা লিখেছেন 'পরী’খ্যাত গীতিকার শেখ রানা। সুর করেছেন পার্থ বড়ুয়া। গানটির প্রসঙ্গে শেখ রানা বলেন, ‘‘সোলস ৫০ বছরে ৫০ গান প্রকাশ করার যে উদ্যোগ নিয়েছে, তারই একটি হলো ‘নতুন শহর'। গানের পেছনের গল্প হলো নতুন শহর দেখার আনন্দ। একই সঙ্গে থাকছে নতুন শহর নিয়ে মানুষের দুঃখ-বেদনার কাহিনিও থাকবে। সোলসের চোখে আমরা লন্ডন শহরটা সুরে বেঁধেছি।’
জানা যায়, সোলসের নিয়মিত ঢংয়ের বাইরে এটি তৈরি হয়েছে। থাকছে র্যাপ অংশ। এতে কণ্ঠ দিয়েছেন কোক স্টুডিও বাংলার ‘মুড়ির টিন’ গানের শিল্পী তৌফিক আহমেদ। ‘নতুন শহর’ গানের বাকি কাজ শেষ হবে ঢাকায়। দেশে সংগীতায়োজন, মিক্স-মাস্টারিংয়ের কাজ হবে।