নতুন সিরিজে শুভ, বিপরীতে কলকাতার সোহিনী

মাত্রই খবর এসেছে আরিফিন শুভর নতুন ছবি ‘নীলচক্র’র। সেটার রেশ কাটতে না কাটতে নতুন আরেকটি চমক নিয়ে হাজির শুভ।

এবার তিনি কাজ করছেন ওয়েব সিরিজ ‘লহু’তে। যেখানে তাঁর সহশিল্পী কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার।

এটি প্রযোজনা করছে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। তারা জানায়, চলতি মাসের শেষের দিক থেকে শুরু হবে ‘লহু’র শুটিং। পরিচালনা করছেন ভারতের রাহুল মুখার্জি।

সিরিজটির জন্য কীভাবে প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে শুভ বললেন, ‘স্ক্রিপ্ট পড়েছি। পরিচালকের সাথে কয়েক দফায় মিটিং হয়েছে। চরিত্রের মাত্রাটা কী রকম ও কেমন তা বোঝার চেষ্টা করছি। আর শুট শুরু হলে কাজটা আরও ভালোভাবে করতে পারব আশা করছি।’

সিরিজ ‘লহু’ নিয়ে বেশ রোমাঞ্চিত সোহিনী সরকার। কাজটির জন্য নিজেকে প্রস্তুতও করছেন চরিত্র অনুযায়ী। তিনি বলেন, ‘আমি ভীষণ আনন্দিত ও আশাবাদী কাজটা নিয়ে। কলকাতায় চরকির কাজ শুরু হচ্ছে এতে আমাদের কাজের ক্ষেত্র ও পরিধিও বাড়ল। সেই সাথে সিরিজটির গল্প-প্লট একদম ভিন্ন। আশা করছি, কাজটা দুর্দান্ত হবে।’

এর আগে নির্মাতা রাহুল তৈরি করেছেন ‘কিশমিশ’ ও ‘দিলখুশ’ নামে দুইটি সিনেমা। দুটি ছবিতেই চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন মধুরা পালিত। ছবির গান তৈরি করেছিলেন নীলায়ন চট্টোপাধ্যায়। তারপর থেকেই রাহুল-মধুরা-নীলায়ন একটা টিম হিসেবে কাজ করেন। এই ওয়েব সিরিজেও একসঙ্গে কাজ করবেন তাঁরা।

আর অভিনয়ে আরিফিন শুভ আর সোহিনী সঙ্গে ওয়েব সিরিজে থাকছেন রাজনন্দিনী পাল, সৌম্য মুখোপাধ্যায়, শ্যামল চক্রবর্তী আর অনুজয় চট্টোপাধ্যায়।