হঠাৎ করেই ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছিল একটি সিরিজ, মনে পড়ে? হ্যাঁ, জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত সেই ‘বুকের মধ্যে আগুন’ সিরিজের কথাই বলা হচ্ছে। মুক্তির পর যেটি বেশ আলোচনায় ছিল। শোনা গিয়েছিল, কেউ কেউ সিরিজটিতে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর যোগসূত্রও খুঁজে পেয়েছেন। এ নিয়ে জল ঘোলাও কম হয়নি, আদালতেও গড়িয়েছিল বিষয়টি। তবে এসব আলোচনা-সমালোচনার মাঝেই ওটিটিতে উন্মুক্ত হয়েছিল এই সিরিজ। পেয়েছিল দর্শকদের বাহবা। এবার আসছে এর স্পিন-অফ সিরিজ। কেন্দ্রীয় চরিত্রে থাকছেন অভিনেতা অপূর্ব।
তানিম রহমান অংশু পরিচালিত এ সিরিজের গল্পে দেখা যায়, নব্বই দশকের একজন সুপারস্টার ও স্টাইল আইকন, রহস্যজনকভাবে যাঁর মৃত্যু হয়েছে। আর সেই মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে মিশনে নামেন এএসপি গোলাম মামুন ওরফে অপূর্ব। গল্পে দেখানো হয়, সেই সুপারস্টার নায়কের ভক্ত হলেন এই পুলিশ কর্মকর্তা। মুক্তির পর দর্শকমহলে চরিত্রটির জন্য ব্যাপক প্রশংসিত হন অভিনেতা।
এবার স্পিন-অফেও থাকছে বেশ কিছু চমক। সিরিজটির গল্প এগোবে এএসপি গোলাম মামুনকে কেন্দ্র করেই। যে কারণে এর নামও রাখা হয়েছে ‘গোলাম মামুন’। আর পরিচালনাতেও আসছে বদল। এবার তানিম রহমান অংশু নন, স্পিন অফটি পরিচালনা করছেন ‘মাইশেলফ অ্যালেন স্বপন’খ্যাত নির্মাতা শিহাব শাহীন। সিরিজটি প্রসঙ্গে জানতে তাঁর সঙ্গে ইনডিপেনডেন্ট ডিজিটালের যোগাযোগ হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
সূত্রের মাধ্যমে জানা গেছে, এরই মধ্যে স্পিন-অফ সিরিজটির চিত্রনাট্য সম্পন্ন। অভিনয়শিল্পীরাও প্রস্তুত। চলতি মাসেই শুটিং শুরুর কথা রয়েছে।
স্পিন-অফটি নির্মিত হচ্ছে মূল সিরিজের এএসপি গোলাম মামুন চরিত্রটির ওপর ভিত্তি করে। এই চরিত্রে থাকছেন অপূর্ব। তাঁকে ঘিরেই ডালপালা মেলবে গল্পটি। অন্যান্য চরিত্রে আসছে একঝাঁক নতুন মুখ।