দাগ কাইটা রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে: নিশো

চোখে কালো সানগ্লাস, ঝুঁটি বাঁধা চুল, পরনে কালো ব্লেজার—এটা আফরান নিশোর বেশভূষা। আর এলেন উড়ে, হেলিকপ্টারে। সঙ্গে দুই নায়িকা তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল। 

৮ ডিসেম্বর জন্মদিনে এমনই এক লুকে ধরা দিলেন ভার্সেন্টাইল অভিনেতা আফরান নিশো। নিজের নতুন সিনেমার ঘোষণাটা দিলেন এভাবে—‘ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে’।

গত বছরের ঈদে ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের মনে ঝড় তুললেন অভিনেতা। মাঝে বিরতি কাটিয়ে অবশেষে আবারও রুপালি পর্দায় ফিরছেন তিনি। তাও ঈদে।

নিশোর লুক। ছবি: আলফা আইসিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি। রোববার সন্ধ্যায় চরকি ও আলফা আইয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তথ্যটি জানানো হয়েছে। 

ভিডিওতে জানানো হয়, সিনেমায় আছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল। সিনেমাটি পরিচালনা করবেন শিহাব শাহীন। 

ভিডিওটিতে আফরান নিশো বলেন, 'এতদিন নাকি অনেক খুঁজতেছিলা? এত সহজে খুঁজে পাইলে কি আর দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো, এই দাগির সঙ্গে দেখা হবে ঈদে! একটা কথা মনে রাখবা, তোমাদের সঙ্গে দেখা হবে সিনেমা হলে, ক্লিয়ার।'

নির্মাতা শিহাব শাহীন জানান, দাগি একটি গল্পনির্ভর সিনেমা এবং এ সিনেমার হিরো এর গল্প।