তিন লুকে আফরান নিশো

অপেক্ষা শেষ হলো। প্রায় দুই বছর পর নতুন সিনেমায় নতুন লুকে হাজির হলেন ভক্তদের ‘বস’ আফরান নিশো। ‘দাগি’ রূপে দেখা গেল তাঁকে। ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে আফরান নিশোর এই নতুন সিনেমা। মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে এর টিজার প্রকাশিত হয়েছে। আর তাতেই নড়েচড়ে বসেছেন অভিনেতার ভক্ত–দর্শকরা।

১ মিনিট ৭ সেকেন্ডের টিজারে আফরান নিশোকে পাওয়া গেছে তিনটি ভিন্ন লুক ও পরিস্থিতিতে। সিনেমায় তাঁর চরিত্রের নাম নিশান। প্রথমে তিনি হাজির হন বড় চুলে, মাঝখানে তাকে পাওয়া যায় ছোট চুল বা স্বাভাবিকভাবেই, আর একদম শেষে তিনি হাজির হন কয়েদির পোশাকে। তার কয়েদি নম্বর ৭৮৬। টিজারে অভিনেত্রী তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিমকেও দেখা গেছে। 

দাগি’তে বড় চুলে আফরান নিশো। ছবি: চরকি

এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকির প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। দাগি এই নির্মাতার দ্বিতীয় সিনেমা। 

টিজার প্রকাশের প্রতিক্রিয়ায় শিহাব শাহীন বলেন, ‘দর্শকরা টিজারটি পছন্দ করছেন, এটা আনন্দের। তবে দর্শকদের বলতে চাই, এটা তো মাত্র প্রথম ঝলক; চমকের অনেক কিছুই একে একে আসতে থাকবে। যারা আমার কাজ সম্পর্কে জানেন কিংবা সিনেমাটি নিয়ে যে প্রত্যাশা রাখেন, আশা করছি তার সবই পাবেন দাগি সিনেমায়।’

দাগি চলচ্চিত্রে তমা মির্জা। ছবি: চরকি

এর আগে গতকাল সিনেমাটির টিজার আসার ঘোষণা দেওয়ার পর থেকেই অপেক্ষার প্রহর গুনছিলেন দর্শক–ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্যে তাঁরা জানান দিচ্ছিলেন টিজারটি দেখার উৎকণ্ঠার কথা। চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে টিজার অ্যানাউন্সমেন্ট পোস্টে এক মন্তব্যকারী লিখেছেন, ‘দাগি শুধু একটা সিনেমা না, মনে হচ্ছে একটা আবেগ!’

প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) শাহরিয়ার শাকিল বলেন, ‘টিজারের মাধ্যমে দর্শকরা প্রথমবারের মতো সিনেমাটির কিছু দৃশ্য দেখল এবং তাদের খুব ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। তবে দর্শকরা যখন প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে সিনেমাটিকে ভালো বলবে, তখনই আমাদের চেষ্টা সার্থক হবে।’

অন্য একটি লুকে আফরান নিশো। ছবি: চরকি

দর্শক–ভক্তরা দাগি’র প্রচার আরও আগে থেকে প্রত্যাশা করছিলেন। এ নিয়ে তাঁরা সরবও ছিলেন সামাজিকমাধ্যমে। এ প্রসঙ্গে শাহরিয়ার শাকিল বলেন, ‘প্রচার আগেও করছি না, আবার দেরি করেও করছি না, এটা যখন হওয়ার কথা তখনই হচ্ছে। আমাদের শুরু থেকে ঠিক করা কখন কোন প্রোমোশনটা যাবে। দাগি দুর্দান্ত গল্পের সিনেমা। ঈদে সপরিবারে সবাই দেখবেন।’

সিনেমাটির অন্যতম প্রযোজক ওটিটি প্ল্যাটফর্ম চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘টিজারের মাধ্যমে দর্শকদের সামনে তাদের প্রিয় অভিনেতা আফরান নিশো হাজির হলেন। দর্শক–ভক্তরা তার জন্য অপেক্ষা করছিলেন। টিজারে গল্পের কোনো ধারণা দেয়া হয়নি। ধীরে ধীরে যখন আরও কিছু প্রকাশ পাবে, আমার বিশ্বাস দর্শকরা সিনেমাটি দেখেত উদগ্রীব হয়ে উঠবেন। আমি আগেও বলেছি, দাগির গল্প অসাধারণ এবং সিনেমাটি একটা নতুন স্ট্যান্ডার্ড সেট করবে।’

দাগি চলচ্চিত্রের দৃশ্যে সুনেরাহ। ছবি: চরকি

দীর্ঘ বিরতির পর দ্বিতীয় সিনেমা দর্শকদের সামনে আফরান নিশো। নতুন সিনেমার ঝলক নিয়ে দর্শকদের সামনে এসে কেমন লাগছে জানতে চাইলে অভিনেতা বলেন, ‘ভবিষ্যতে কী হতে যাচ্ছে, টিজারটি তার ইঙ্গিত দিয়েছে মাত্র। এই সিনেমার প্রতিটি ফ্রেমে গভীর অর্থ রয়েছে। দাগি এমন এক গল্প, যা ভাগ্য ও পরিণতি নিয়ে দর্শকদের মধ্যে প্রশ্ন তুলবে।’

অভিনেত্রী তমা মির্জা বলেন, ‘আগে থেকেই বুঝতে পারছিলাম দাগি নিয়ে দর্শকদের আগ্রহ অনেক। টিজার প্রকাশের পর দর্শকদের ভালোবাসা আমাকে সিক্ত করছে। নিশো ভাই ও আমার জুটির দ্বিতীয় সিনেমা এটি। আশা করছি দর্শকদের প্রত্যাশা পূরণ করবে সিনেমাটি।’   

দাগি’র গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশারসহ অনেকে। সিনেমাটি মূলত মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্প, এ ধরনের গল্প দেশের দর্শক দেখেনি বলে জানিয়েছন নির্মাতা।