স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’র শেষ কিস্তির প্রথম পর্ব মুক্তির কয়েক মিনিটের মধ্যেই ওয়েবসাইট ক্র্যাশ করেছিল। অধিকাংশ দর্শকই তাই তা দেখতে পারেননি। শুধু তাই নয়, এবারের কিস্তি রীতিমতো এক ইতিহাস!
স্ট্রিমিংয়ের প্রথম পাঁচ দিনে ‘স্ট্রেঞ্জার থিংস ৫’ দেখেছেন বিশ্বের ৫৯.৬ মিলিয়ন দর্শক, যা নেটফ্লিক্সের ইংরেজি ভাষার সিরিজের প্রিমিয়ার-সপ্তাহে সর্বোচ্চ ভিউয়ারশিপ পেয়েছে। তবে সামগ্রিকভাবে এটি তৃতীয় অবস্থানে। প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে কোরিয়ান সাই-ফাই সিরিজ ‘স্কুইড গেম’-এর দ্বিতীয় ও তৃতীয় কিস্তি।
ডেটা বিশ্লেষণ করে নেটফ্লিক্স জানিয়েছে, নতুন কিস্তির ভিউয়ারশিপ ইতিমধ্যেই ‘স্ট্রেঞ্জার থিংস ৪’কে উল্লেখযোগ্যভাবে ছাড়িয়ে গেছে। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত চতুর্থ কিস্তি দেখা হয়েছিল ২৮৭ মিলিয়ন ঘণ্টা। পরে স্ট্রিম টাইম অনুসারে নেটিফ্লিক্স র্যাঙ্কিং করেছিল, যার হিসাব দাঁড়িয়েছিল প্রায় ২২ মিলিয়ন ভিউ। এবার শেষ কিস্তির ভিউ প্রায় ১৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
শেষ কিস্তি সদ্য প্রিমিয়ার হয়েছে, তবে ইতিমধ্যেই তা দ্বিতীয় দর্শক সংখ্যার রেকর্ড গড়েছে। এদিকে, গত সপ্তাহে এর মুক্তি ঘিরে উন্মাদনা শুরু হলে, সিরিজটির আগের ৪টি কিস্তিও নেটফ্লিক্সের শীর্ষ দশে উঠে আসে। প্রথমবারের মতো কোনো সিরিজের এভাবে ৪টি ভিন্ন কিস্তি শীর্ষ তালিকায় জায়গা করে নেয়।
প্ল্যাটফর্মটির ইতিহাসে ২৪-৩০ নভেম্বর প্রথমবারের মতো কোনো সিরিজের ৫টি ভিন্ন ভিন্ন সিজন ছিল শীর্ষ তালিকায়: ১ নম্বরে সিজন-৫, তারপরে তৃতীয় স্থানে সিজন-১ (৮.৯ মিলিয়ন ভিউ), ৫ নম্বরে সিজন-৪ (৬.১ মিলিয়ন ভিউ), ৬ নম্বরে সিজন-২ (৫.৬ মিলিয়ন ভিউ) এবং ৮ নম্বরে ছিল সিজন-৩ (৪.৬ মিলিয়ন ভিউ)।
ফলে নেটফ্লিক্স কর্তৃপক্ষ আশা করছে, আগামী কয়েক সপ্তাহ না হলেও মাস দুয়েক ধরে শীর্ষ তালিকায় থাকবে স্ট্রেঞ্জার থিংস। আর সিজন-৫ নিশ্চিতভাবেই প্ল্যাটফর্মটির সর্বকালের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি ভাষার টিভি সিরিজের তালিকায় জায়গা করে নেবে। যেখানে সিজন-৪ তার প্রথম ৯১ দিনে ১৪০.৭ মিলিয়ন ভিউ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
সূত্র: ভ্যারাইটি