চ্যালেঞ্জের বছরেও চরকিতে ২৭ কনটেন্ট

চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর রীতিমতো স্থবির ছিল চলচ্চিত্রাঙ্গন। ধীরে ধীরে সেই পরিস্থিতি এ বছর কাটিয়ে ওঠার চেষ্টা করেছেন নির্মাতা-প্রযোজকরা। সব মিলিয়ে ২০২৫ বছরটি ছিল চ্যালেঞ্জের, তারপরও দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি ভিন্ন রকমের ২৭টি কনটেন্ট মুক্তি দিয়েছে দর্শকদের জন্য। এক বছরে এতগুলো কনটেন্ট মুক্তি শুধু চরকির জন্যই নয়, বরং দেশীয় ওটিটি প্ল্যাটফর্মের জন্য নতুন মাইলফলক। এসব কনটেন্টের মধ্যে বড় ক্যানভাসের সিনেমা, নামকরা নির্মাতা ও জনপ্রিয় শিল্পীদের অরিজিনাল ফিল্ম, প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া দেশ মাতানো চলচ্চিত্র মুক্তিসহ নতুন নির্মাতাদের কাজ রয়েছে। 

মানবতা, রাজনীতির ও ইতিহাসের নির্মম সত্যের অনুপ্রেরণায় সুকর্ন সাহেদ ধীমান পরিচালিত ‘ফেউ’ মুক্তি পায় এ বছরের শুরুতে। চরকি অরিজিনাল এ সিরিজে উঠে এসেছে মরিচঝাঁপি গণহত্যার ফিকশন। দেশীয় সিরিজের ভাষা-আঙ্গিক-ঢং তৈরি করা নির্মাতাদের অন্যতম সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত ‘গুলমোহর’ মুক্তি পায় এ বছর। এটি চরকির জন্য নির্মাতার প্রথম কাজ। চরকির তুমুল জনপ্রিয় চরিত্র অ্যালেন স্বপন সিরিজের দ্বিতীয় সিজন এসেছে চলতি বছরের মাঝামাঝি সময়ে। 

সবগুলো সিরিজই বড় ক্যানভাসের। দৃশ্যায়নের পাশাপাশি গল্পেও নতুন কিছু করার চেষ্টা ছিল চরকি ও নির্মাতাদের। কিন্তু প্রশ্ন ওঠে চ্যালেঞ্জের বছরে কেন এত বড় বড় প্রজেক্ট মুক্তি দিল চরকি? আর চ্যালেঞ্জই-বা কী? 

মুক্তিপ্রাপ্ত সিনেমার পোস্টার। ছবি: চরকি

দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে শুরু করলেন চরকির প্রধান নির্বাহী (সিইও) ও নির্মাতা রেদওয়ান রনি। তিনি বলেন, ‘খুব স্বাভাবিকভাবেই দেশের সার্বিক পরিস্থিতি সব কিছুর ওপরেই প্রভাব ফেলেছে। দর্শকরা নানারকম অভিজ্ঞতার মধ্যদিয়ে যাচ্ছে। সেইদিক থেকে এটা চ্যালেঞ্জের বছর।’ বরাবরের মতো চরকি চ্যালেঞ্জ নিয়েছে বলে জানান রেদওয়ান রনি। 

যেহেতু চরকি দেশের প্রধানতম ওটিটি প্ল্যাটফর্ম এবং দেশী-বিদেশি বাংলা ভাষাভাষী দর্শকদের কাছে একটি আস্থার প্ল্যাটফর্ম, তাই পরিস্থিতি যেমনই হোক চরকি তার কনটেন্টের মান ধরে রাখতে এবং দর্শক প্রত্যাশা পূরণ করতে নিয়মিত ভালো কনটেন্ট দিয়ে যাওয়ার চেষ্টা করেছে বলে জানান রেদওয়ান রনি। তিনি বলেন, ‘কনটেন্ট কত বড় সেটা আমরা চিন্তা করিনি। আমরা দর্শকদের ভালো মানের কনটেন্ট দেয়ার প্রতিশ্রুতি দিয়েছি এবং সেটাই পূরণ করে যাওয়ার চেষ্টা করছি। এর চেয়েও খারাপ সময় আসতে পারে, সে সময়েও আমরা আমাদের সবচেয়ে ভালো কাজটা করার চেষ্টা করব।’

রেদওয়ান রনির এই কথার প্রমাণ পাওয়া যায় আরেকভাবে। ২০২৫–এ অবিশ্বাস্য এক কাণ্ড ঘটায় চরকি। ঈদুল আজহায় দেশমাতানো ৪টি সিনেমা একসঙ্গে মুক্তি পায় প্ল্যাটফর্মটিতে। ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’ ও ‘চক্কর ৩০২’ নিয়ে ব্যাপক আগ্রহ ছিল দর্শকদের মধ্যে। রেদওয়ান রনি জানান, ঈদের সিনেমা দেখতে দর্শকদের আগ্রহ থাকলেও সারাদেশে প্রেক্ষাগৃহ না থাকায় সেগুলো দেখতে পারছিলেন না তারা। দর্শকদের সেই চাহিদা মেটাতেই একসঙ্গে চার সিনেমা মুক্তির সিদ্ধান্ত নেন তারা। 

মুক্তিপ্রাপ্ত সিনেমার পোস্টার। ছবি: চরকি

রেদওয়ান রনি বলেন, ‘ঈদের সিনেমা বা প্রেক্ষাগৃহের সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহকে সম্মান জানাতেই আমরা বছরের আলোচিত সিনেমাগুলো ওটিটিতে মুক্তি দিয়েছি। আমরা চেষ্টা করেছি পপুলার ঘরানার পাশাপাশি গল্পনির্ভর সিনেমার সঙ্গেও যুক্ত থাকতে।’

চরকির সহ-প্রযোজনায় চারটি আলোচিত সিনেমা প্রথমে প্রেক্ষাগৃহে পরে প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। সেগুলো হলো প্রেক্ষাগৃহে প্রথমবার মুক্তি পাওয়া দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনীত সিনেমা ’প্রিয় মালতী’, ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সুপারস্টার শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত ‘তান্ডব’, তানিম নূর পরিচালিত তুমুল জনপ্রিয় সিনেমা ‘উৎসব’, আফরান নিশো অভিনীত দ্বিতীয় সিনেমা ‘দাগি’। এগুলো ছাড়াও চরকিতে মুক্তি পেয়েছে প্রশংসিত সিনেমা ‘দেয়ালের দেশ’, ‘জয়া আর শারমিন’ ও ‘ইনসাফ’। 

রেদওয়ান রনি জানান, পপুলার ঘরানার পাশাপাশি গল্পনির্ভর সিনেমার সঙ্গে যুক্ত থাকার প্রচেষ্টা আগামীতেও থাকবে। প্রেক্ষাগৃহে তরুণ দর্শকদের সঙ্গে যেন ফ্যামিলি দর্শকরাও আসতে পারেন, সেটার জন্যই কাজ করে যাচ্ছে চরকি। 

চলতি বছরের শেষ কনটেন্ট ডিমলাইট। ছবি: চরকি

তরুণ ও নবীন নির্মাতা-শিল্পীদের নিয়ে এ বছর অনেকগুলো কাজ করেছে চরকি। তরুণ নির্মাতা জাহিদ প্রীতমের পরিচালনায় নির্মিত হয়েছে অরিজিনাল ফিল্ম ‘ঘুমপরী’। এতে অভিনয় করে সবার নজর কেড়েছেন তরুণ ও নবীন শিল্পী পারশা মাহজাবীন। সাদ সালমি নাওভী, সাদনিমা বিনতে নোমানসহ একঝাঁক তরুণ শিল্পী এবং নবীন নির্মাতা মাহমুদা সুলতানা রিমা পরিচালিত অরিজিনাল ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’ আরেকটি উদাহরণ। চলতি বছরে মুক্তি পাওয়া ৫টি ফ্ল্যাশ ফিকশনের অধিকাংশই নির্মাণ করেছেন তরুণ নির্মাতারা। তরুণ ৫ নির্মাতার ৫টি শর্টফিল্ম এ বছর মুক্তি দিয়েছে চরকি। প্রসূন রহমান, কামার আহমেদ সাইমনের মতো স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের ‘প্রিয় সত্যজিৎ’ ও ‘একটি সূতার জবানবন্দী’ চলতি বছরে মুক্তি পেয়েছে চরকিতে। 

জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম ‘আমলনামা’, শিহাব শাহীন পরিচালিত ‘তোমার জন্য মন’ মুক্তি পেয়েছে ২০২৫–এ। বছরের শেষ কনটেন্ট হিসেবে মুক্তি পেতে যাচ্ছে ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের ষষ্ঠ সিনেমা ‘ডিমলাইট’। অভিনেতা-নির্মাতা শরাফ আহমেদ জীবন পরিচালিত এবং মোশাররফ করিম, পারসা ইভানা, তানজিকা আমিন অভিনীত এ ফিল্ম মুক্তি পেতে যাচ্ছে ১০ ডিসেম্বর রাত ১২টায় (১১ ডিসেম্বর)।  

রেদওয়ান রনি বলেন, ‘দেশ-বিদেশে বাংলা ভাষাভাষী নানা রকম দর্শক ছড়িয়ে আছেন। আমরা বিভিন্ন রকম কনটেন্ট দেয়ার মাধ্যমে সবার চাহিদাই পূরণ করার চেষ্টা করেছি। এই চেষ্টা জারি থাকবে।’ চরকির প্রধান নির্বাহী জানান, নতুন বছরের জন্য দারুণ সব কনটেন্ট নিয়ে প্রস্তুত হচ্ছে চরকি। সেসব কনটেন্টের ব্যাপারে শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।