ঈদে প্রীতম–মেহজাবীনের ‘ক্যাকটাস’, প্রকাশ্যে টিজার

ঈদুল ফিতরকে কেন্দ্র করে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আসছে নতুন অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’। ইতিমধ্যেই সিরিজটির শুটিং সম্পন্ন হয়েছে। বুধবার (৪ মার্চ) দুপুরে প্রকাশ পেয়েছে সিরিজটির টিজার, যা দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।

সিরিজটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা প্রীতম হাসান ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নির্মাণ করেছেন ‘সিন্ডিকেট’খ্যাত নির্মাতা শিহাব শাহীন।

টিজার দেখে দর্শকদের প্রতিক্রিয়া, ‘চরকির কাজ অলটাইম ফেভারিট!’, ‘মেহজাবীন আপুকে এতদিন ফলো করাটা তাহলে বৃথা গেল না, প্রীতম ভাই সবদিকেই সেরা!’ এসব ছাড়াও দর্শক–ভক্তরা প্রীতম হাসান ও মেহজাবীনকে শুভেচ্ছায় ভাসিয়েছেন। চরকি অরিজিনাল এ সিরিজের টাইটেল স্পন্সর ‘নোরিক্স–১’, পাওয়ার্ড বাই ‘মিনিসো’ এবং অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে রয়েছে ‘সিটি ব্যাংক’।  

সিরিজটির লুকে মেহজাবীন ও প্রীতম। ছবি: চরকি

গল্পের আভাস
ক্যাকটাস–এ প্রীতম হাসানকে দেখা যাবে এক সুদক্ষ হ্যাকার চরিত্রে, নাম ‘মানসিভ’। টিজারে তাকে কয়েদি হিসেবেও দেখা গেছে, যে কিনা সাইবার জগতে ভয়ঙ্কর প্রতিভাবান একজন। তবে বিশেষ এক পরিস্থিতিতে কারাগার থেকেই তাকে আবারও নামতে হয় হ্যাকিংয়ের ময়দানে। সরকারের সহায়তায়, রাষ্ট্রীয় এক সংকট মোকাবিলায় তার মেধা হয়ে ওঠে সবচেয়ে বড় অস্ত্র।

চরিত্রটির একাধিক পরিবর্তন রয়েছে বলে জানান প্রীতম হাসান। তিনি বলেন, ‘চরিত্রটা নিয়ে বেশি বলতে চাই না। তবে এটা ঠিক যে চরিত্রটির একটা জার্নি আছে। আমার সঙ্গে আশা করি দর্শকরাও সেই জার্নিতে শামিল হবেন। মানিসভ হ্যাকার হলেও তার কাজের একটা উদ্দেশ্য থাকে। সেটাও দর্শকদের ভালো লাগবে বলে মনে হয়। নির্মাতা শিহাব শাহীন দারুণ করে সিরিজটি নির্মাণ করেছেন।’

এই অভিযানে মানসিভের দেখা হয় ‘অনুরা’র সঙ্গে। এ চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। টিজারে মেহজাবীনকে দেখা গেছে নতুন অবতারে, অ্যাকশন লুক আর দৃশ্যে। তাঁর এই রূপ ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উন্মাদনা বাড়িয়েছে। শক্তিশালী, আত্মবিশ্বাসী ও রহস্যময় উপস্থিতি নিয়ে তিনি গল্পে যুক্ত করেছেন ভিন্ন মাত্রা।

শিহাব শাহীন। ছবি: চরকি

মেহজাবীন চৌধুরী বলেন, ‘এই সিরিজে আমার চরিত্রটা ভীষণ ইন্টারেস্টিং। এই চরিত্র আমাকে অনেক নতুন কিছু শেখার সুযোগ দিয়েছে, যার মধ্যে অন্যতম হলো অ্যাকশন। এর আগে আমি এই লেভেলের অ্যাকশন করিনি। অ্যাকশন ডিরেক্টর মি. এডওয়ার্ড এবং তার টিম অসাধারণ ছিল। খুব অল্প সময়ের মধ্যে তাঁরা আমাকে অনেক কিছু শিখিয়েছেন। স্ক্রিপ্ট প্রথম শুনেই এই দিকটা আমাকে অনুপ্রাণিত করে, সত্যি বলতে খুব আকর্ষণীয় লেগেছিল।’

এর আগে মেহজাবীন জানিয়েছিলেন, তিনি এমন কিছু করতে যাচ্ছেন, যা হয়তো আগে করেননি! শুটিংয়ে কি তেমনই হলো? অভিনেত্রী বলেন, ‘পর্দায় এমন কিছু করতে পেরেছি, যা আগে কখনও করিনি। আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। পুরো টিম দারুণ সাপোর্ট দিয়েছে, সবাই অনেক পরিশ্রম করেছে। এখন বাকিটা দর্শকদের হাতে, তারাই বলবেন আমরা কেমন কী করতে পেরেছি।’ 

নির্মাণ ও প্রত্যাশা
নির্মাতা শিহাব শাহীন বরাবরের মতোই সমসাময়িক ও টানটান গল্প বলায় পরিচিত। ক্যাকটাস–এ প্রযুক্তি, থ্রিল ও অ্যাকশনের মিশেলে এক ভিন্নধর্মী অভিজ্ঞতা উপহার দেওয়ার ইঙ্গিত মিলেছে টিজারে। শুটিং শুরুর আগে নির্মাতা জানিয়েছিলেন, এ সিরিজের মাধ্যমে তিনি নিজস্ব একটা স্পাই চরিত্র তৈরি করতে চান, যা নিয়ে তাঁর স্পাই ইউনিভার্স গড়ার ভাবনাও রয়েছে। কতটা সম্ভব হলো? নির্মাতার ভাষ্য, ‘সিরিজ দেখলেই সেটা দর্শকরা বুঝতে পারবেন।’

সিরিজটির একটি দৃশ্যে প্রীতম। ছবি: চরকি

শিহাব শাহীন আরও বলেন, ‘টিজার দেখে দর্শকরা হয়তো বুঝতে পারছেন যে, এবারের শুটিং সাধারণ না, বেশ চ্যালেঞ্জিং। এর চেয়েও বেশি চ্যালেঞ্জিং সিরিজটির গল্প। টিজারে যতটা ধারণা পাওয়া যায়, গল্পের পরিসর তার চেয়েও অনেক বড়।’ 

নির্মাতা জানান, ক্যাকটাস গল্পটা গড়ে উঠেছে মানসিভকে কেন্দ্র করে। তার সঙ্গে অনুরা চরিত্রটি গল্পে নিয়ে আসে নতুন মোড়!  

চরকি অরিজিনাল এ সিরিজের গল্প লিখেছেন শিহাব শাহীন, আল আমীন হাসান নির্ঝর, আদর রহমান, আসাদুজ্জামান আবীর ও রেজওয়ান কবির। চিত্রনাট্য করেছেন শিহাব শাহীন। এতে আরও অভিনয় করেছেন মুনীরা ইউসুফ মেমী, মানষ বন্দোপাধ্যায়, নাজিবা বাশার, সালাউদ্দিন লাভলু, শাহদাত হোসেন, আরিফিন জিলানী, জাহিদুল হক অপু ও সানজিদা তাসনীম। সিরিজের অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন এডওয়ার্ড গোমেজ।