এবার ওটিটিতে আসছে ‘দম’

ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে দর্শক মাতিয়েছে ‘দম’। এমনকি দেশ-বিদেশে এখনও চলছে এই ছবি! এরইমধ্যে এল নতুন ঘোষণা। এবারের ঈদুল আজহা উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে রেদওয়ান রনির এই সিনেমা। সামাজিকমাধ্যমের এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে চরকি কর্তৃপক্ষ। 

প্রেক্ষাগৃহে দর্শকদের সিনেম্যাটিক অভিজ্ঞতার রেশ কাটতে না কাটতেই ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তির এই ঘোষণা দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে বহুগুণে। চরকি জানিয়েছে, আগামী ২০ মে রাত ১২টা (২১ মে) থেকে দেশ-বিদেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন তাদের প্ল্যাটফর্মে। ঘোষণার পোস্টে দর্শকরা তাদের অপেক্ষার কথা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘দেশে থাকাকালীন অনেক চেষ্টা করেও দেখতে পারিনি, এখন অপেক্ষায় রইলাম।’   

দম সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরী। প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখে দর্শক থেকে শুরু করে চলচ্চিত্র সমালোচক—সবাই একবাক্যে এ সিনেমা নির্মাণের মুন্সিয়ানার কথা স্বীকার করেছেন। তাঁদের ভাষ্য, বাংলা চলচ্চিত্রের মানকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছে দম। দর্শকদের প্রতিক্রিয়ায় সবচেয়ে বেশি যে বিষয়টি উঠে এসেছে, তা হলো কারিগরি দক্ষতা। দর্শকরা মুগ্ধ হয়ে জানিয়েছেন, এমন অসাধারণ এবং উন্নত মানের ভিজ্যুয়াল তাঁরা বাংলা সিনেমায় আগে দেখেননি!

দম’র একটি দৃশ্যে পূজা চেরী। ছবি: চরকি

সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই ও চরকি। সিনেমাটির পরিচালক রেদওয়ান রনি বলেন, ‘আমি বরাবরই বলে এসেছি দম বাংলাদেশের এবং বাংলাদেশীদের জয়ের গল্প। চরকিতে মুক্তির মাধ্যমে এই জয়ের গল্প সবার ঘর বা হাতে পৌঁছে যাবে। আশা করব দেশ-বিদেশের সবাই এই জয় উপভোগ করবেন। ঈদের আনন্দে পরিবারের সবাইকে নিয়ে এবার ঘরে বসেই দম দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। আশা করছি সবার ঈদ হবে দমদার!’

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘প্রেক্ষাগৃহের দর্শকরা বলছেন দম সিনেমা বাংলাদেশের চলচ্চিত্রকে লেভেল আপ করেছে। প্রতি সিনেমায় এটাই আমাদের চেষ্টা থাকে। এই চেষ্টা এবার সবাই দেখার সুযোগ পাবেন, সে জন্য ভালো লাগছে। প্রেক্ষাগৃহ নাই বা বিদেশ বলে এখন আরও কোনো বাঁধা থাকছে না। চরকিতে যেকোনো জায়গা থেকেই সিনেমাটি দেখতে পারবেন দর্শকরা। এটাই আনন্দের।’

আফগানিস্তানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক বাংলাদেশীর সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত দম সিনেমার ট্যাগলাইন—‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে সিনেমাটির চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবি।