জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকাল প্রয়াণে সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিকমাধ্যমে সহকর্মী, নির্মাতা ও ভক্তরা তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন। শোকপ্রকাশ করেছেন সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
শুক্রবার (১৫ মে) রাতে মৃত্যুর খবর শোনা মাত্রই সামাজিকমাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি লেখেন, ‘যখন মানুষের পাশে দাঁড়ানোর ডাক আসছিল, তুমি নির্দ্বিধায় দাঁড়াইছিলা, কারিনা। বাংলাদেশ তোমাকে মনে রাখবে।’
রেজাউর রহমান পরিচালিত ওয়েব ফিল্ম ‘৩৬-২৪-৩৬’-এ অভিনয় করেছিলেন কারিনা। ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য তা নির্মিত হয়েছিল ফারুকীর ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের অংশ হিসেবে। সেই সময়ের স্মৃতিচারণ করে সাবেক সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা বলেন, ‘আমি মনে রাখবো তোমার (কারিনা) উইটের কারণে, তোমার ডিলাইটফুল প্রেজেন্সের কারণে। তোমার সাথে করা কাজ ৩৬-২৪-৩৬-এর কারণে। তুমি যেদিন প্রথম আমাদের বাসায় আসো, সেদিন তুমি আমার আর তিশার সাথে ছবি তুলতে চাইছিলা। বলছিলা আমাদের ফ্যান তুমি। আমরা বলছিলাম, আমরা তোমার ফ্যান। তুমি লজ্জা পেয়ে হাসতেছিলা।’
ফারুকী লেখেন, ‘মানুষ মরে গেলে নাকি সব সত্য দেখতে পায়। এখন নিশ্চয়ই তুমি বিশ্বাস করছো আমরা তোমার অনেক বড় ফ্যান ছিলাম। অনেক অনেক কথা মনে পড়ছে।’
সবশেষে কারিনার জন্য প্রার্থনা করে তিনি লেখেন, ‘আল্লাহ, তোমাকে বেহেশত নসিব করুক, কারিনা। এই পোস্টে যদি হাহা দেখো, জানবা কিছু লোক শুধু মানুষ হত্যার জন্য বিখ্যাত তা না, মৃত্যুতে উল্লাস করবার জন্যও বিখ্যাত। ইউ নো দেম, বাংলাদেশ নোজ দেম। রেস্ট ইন পিস, মাই সিস্টার!’
লিভার–সংক্রান্ত জটিলতায় কয়েকদিন ধরে সংকটাপন্ন ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার (১১ মে) রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানে ভেলোরের খ্রিস্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসকেরা প্রথমে তাঁর ফুসফুসের চিকিৎসা শুরু করেছিলেন। এরপর লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও চলছিল। তবে শেষপর্যন্ত আর তাঁকে বাঁচানো যায়নি। শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে না ফেরার দেশে পাড়ি দেন তিনি।
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট নির্মাণের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন কারিনা কায়সার। শুধু কনটেন্ট ক্রিয়েটর হিসেবেই নয়, সাম্প্রতিক সময়ে ওটিটি প্ল্যাটফর্ম ও নাটকেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি একজন দক্ষ চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’ ও চলচ্চিত্র ‘৩৬-২৪-৩৬’।