সামাজিক মাধ্যমে ফাঁস, ওটিটিতে এলো রঙবাজার

কোরবানির ঈদে বড় আয়োজনে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত সেই পথে হাঁটতে পারলেন না নির্মাতা রাশিদ পলাশ। কারণ, মুক্তির আগেই  ‘রঙবাজার’ সিনেমাটির পুরো এইচডি প্রিন্ট ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

পরে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সিনেমাটি সরানোর চেষ্টা করেও সফল হননি সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে পাইরেসির ক্ষতি কমাতে বাধ্য হয়ে ওটিটিতে মুক্তির সিদ্ধান্ত নেয় প্রযোজনা প্রতিষ্ঠান।

ফলে রোববার (১৭ মে) থেকে ওটিটি প্ল্যাটফর্ম সিনেমেটিক-এ স্ট্রিমিং শুরু হয়েছে সিনেমাটির।

নির্মাতা রাশিদ পলাশ বলেন, প্রযোজকের সিদ্ধান্তেই হঠাৎ করে ওটিটিতে আসতে হয়েছে ‘রঙবাজার’-কে। বড়পর্দার জন্য নির্মিত সিনেমা এভাবে মুক্তি পাওয়ায় মন খারাপের কথাও জানান তিনি। তবে পাইরেসির কারণে বিকল্প কোনো পথ খোলা ছিল না বলেও উল্লেখ করেন এই নির্মাতা।

তামজিদ অতুলের গল্পে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। লাইভ টেকনোলজিস প্রযোজিত এ সিনেমার বেশিরভাগ শুটিং হয়েছে দৌলতদিয়া যৌনপল্লীতে।

‘রঙবাজার’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল, শম্পা রেজা, নাজনীন হাসান চুমকী, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ ও মাহমুদুল ইসলাম মিঠু।