‘দুই রিপোর্টার, হারিয়ে যাওয়া প্রতিবেদন আর অসংখ্য প্রশ্ন’

প্রকাশ্যে এসেছে হইচই অরিজিনাল সিরিজ ‘হেডলাইন’র অফিসিয়াল ট্রেলার। আগামী ২৫ জুন থেকে স্ট্রিম হবে নির্মাতা সালেহ সোবহান অনীম পরিচালিত এই সিরিজ।

প্রকাশিত ট্রেলারে উঠে এসেছে সাংবাদিকতা, সত্য অনুসন্ধানের নিরন্তর লড়াই। আর সেই অনুসন্ধানের আড়ালে পারিবারিক সম্পর্ক, ব্যক্তিগত সংকট ও মানবিক টানাপোড়েনের এক গল্পের আভাস পাওয়া গেল। একইসঙ্গে একটি গোপন সত্য উন্মোচনের তীব্র আকাঙ্ক্ষা এবং তার পরিণতি ঘিরে তৈরি হয়েছে রহস্যময় আবহ, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে তুলেছে বলা যায়।

৮ পর্বের সিরিজ হেডলাইন-এ অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, ইয়াশ রোহান, আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, শ্যামল মাওলা, রাই রাজন্যা, অর্নিল বিরল, মনিরুল ইসলাম রুবেল, আমিনুর রহমান মুকুল, এ কে আজাদ সেতু, সাহানা রহমান সুমি, আরিফিন জিলানী, জাহাঙ্গীর আলমসহ আরও অনেক।

সিরিজটির মাধ্যমে ‌‘গোলাম মামুন’ মুক্তির প্রায় দুই বছর পর ওটিটিতে ফিরেছেন অভিনেতা অপূর্ব। এতে তিনি অভিনয় করেছেন একজন সাংবাদিকের চরিত্রে, যার নাম জহির।

হেডলাইন-এ ইয়াশ রোহান। ছবি: ট্রেলার থেকে স্ক্রিনশট

অপূর্ব বলেন, ‘জহির চরিত্রটার একটা দারুণ গ্রাফ আছে। গল্পের বিভিন্ন পর্যায়ে তাকে ভিন্ন ভিন্ন রূপে দেখা যায়। কখনও সে খুবই আবেগপ্রবণ, আবার কখনও বাস্তবতার কঠিন মুখোমুখি দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। একজন অভিনেতা হিসেবে এই ধরনের বহুস্তরীয় চরিত্র সবসময়ই আমাকে আকৃষ্ট করে।’

যোগ করে তিনি বলেন, ‘শুধু চরিত্র নয়, হেডলাইন-এর গল্পও আমাকে ভীষণভাবে টেনেছে। গল্পের গতি, রহস্য, এবং সমসাময়িক প্রেক্ষাপট এতটাই শক্তিশালী যে এই প্রজেক্টে কাজ না করার কোনো কারণই ছিল না। দর্শকরা এমন একটি গল্প দেখতে পাবেন, যা তাদের বিনোদন দেওয়ার পাশাপাশি ভাবতেও বাধ্য করবে।’

সিরিজে নিজের চরিত্র প্রসঙ্গে ইয়াশ রোহান বলেন, ‘সামিউল চরিত্রটির জন্য আমি পুরো ক্যারিয়ারজুড়েই অপেক্ষা করেছি। সামিউল এমন একটা চরিত্র যেখানে অভিনয় করতে গিয়ে আমি ইয়াশ থাকিনি, হয়ে উঠেছিলাম সামিউল। এই চরিত্রের জন্য আমি হার্ট অ্যান্ড সোল দিয়েছি। আশা করি, দর্শকরা সামিউলের গল্প ও অনুভূতির সঙ্গে নিজেদের কানেক্ট করতে পারবেন।’

ট্রেলারটি শেয়ার করে এই অভিনেতা লিখেছেন, ‘দুই রিপোর্টার, একটা হারিয়ে যাওয়া প্রতিবেদন আর অসংখ্য প্রশ্ন। অবশেষে কি মিলবে সেই হারিয়ে যাওয়া হেডলাইনের খোঁজ, নাকি ক্ষমতাই লিখে দেবে শেষ উত্তর?’

এদিকে, দীর্ঘ তিনবছর পর আবারও ওটিটির কাজে প্রত্যাবর্তন করছেন আফসান আরা বিন্দু। সিরিজে তাঁর চরিত্রের নাম আইরিন। বিন্দুও অপেক্ষায় রয়েছেন সিরিজটি মুক্তির। পর্দায় অভিনেত্রী সারিকা সাবরিনের চরিত্রের নাম দোলন। তিনি জানান, ট্রেলার দেখার পর দর্শকের প্রত্যাশা আরও বহুগুণ বেড়ে গেছে। এখন বাকি চমক থাকছে সিরিজে।