বঙ্গতে এবার ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’র শেষ চ্যাপ্টার!

অবশেষে পথচলার ইতি টানছে দেশের সবচেয়ে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’। টানা ১৭ মাস নিয়মিত প্রচারে অগণিত হাসি, আড্ডা, আনন্দ আর কোটি কোটি দর্শকের ভালোবাসায় সিক্ত হয়ে পর্দা নামছে সিরিজটির ‘সিজন ৫’র। 

নির্মাতা কাজল আরিফিন অমির নির্মাণে এই হিট ফ্র্যাঞ্চাইজির শেষ অধ্যায় ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ – চ্যাপ্টার ১৭ (পার্ট এ)’ এখন এক্সক্লুসিভলি দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ’র অ্যাপ ও ওয়েবসাইটে। 

কাবিলা, নেহাল, পাশা ভাই, আর হাবুর মতো প্রিয় চরিত্রগুলোকে বিদায় জানানো ভক্তদের জন্য রীতিমতো গভীর আবেগের। কেননা প্রতিটি চরিত্র শুধু পর্দার ভেতরেই সীমাবদ্ধ ছিল না, বরং তারা যেন হয়ে উঠেছিল দর্শকের প্রতিদিনের জীবনেরই অংশ।

দর্শকদের সেই আবেগ ও সুবিধার কথা ভেবে বঙ্গতে মুক্তি পাচ্ছে সিরিজটির শেষ অধ্যায়ের দুটি বিশেষ পার্ট। এরইমধ্যে প্রথম ৬টি পর্ব মুক্তি পেয়েছে, আর বাকি ৬টি পর্ব আসছে আগামী ২৬ নভেম্বর।

সিজনের শেষ অধ্যায় নিয়ে নিজের অনুভূতি শেয়ার করে অমি বলেন, ‘‘আমার জীবনের সবচেয়ে স্মরণীয় জার্নিটা অবশেষে শেষ হলো। ‘ব্যাচেলর পয়েন্ট’র জন্য দর্শকদের কাছ থেকে আমি যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, তা আসলে কোনো ভাষায় প্রকাশ করার মতো না। এই পুরো অর্জনটা সম্ভব হয়েছে শুধু আমার টিম এবং ব্যাচেলর পয়েন্ট পরিবারের প্রতিটি সদস্যের জন্য। আমি আমার টিম এবং দর্শকদের কাছে চিরকৃতজ্ঞ। সবসময় আমাদের এভাবেই ভালোবাসা ও সাপোর্টে রাখবেন। আমার সকল কাস্ট, ক্রু, স্পন্সর, চ্যানেল ও পার্টনারদের অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ ধন্যবাদ বঙ্গকে, শুরু থেকে শেষপর্যন্ত আমাদের পাশে থাকার জন্য।’’

এই ঐতিহাসিক যাত্রার সমাপ্তি নিয়ে বঙ্গ’র ডিরেক্টর ও সিরিজটির প্রযোজক মুশফিকুর রহমান মনজু বলেন, ‘টানা ১৭ মাস ধরে একটি সিরিজকে দর্শকদের ভালোবাসার শীর্ষে ধরে রাখা দেশের বিনোদন জগতের ইতিহাসে এক বিরল অর্জন। ব্যাচেলর পয়েন্ট শুধু একটি সফল প্রজেক্ট নয়, এটি আমাদের এবং বাংলাদেশের কোটি কোটি দর্শকের আবেগের জায়গা। কাজল আরিফিন অমি ও তাঁর পুরো টিম যে নিষ্ঠার সঙ্গে কাজটি করেছেন, প্রযোজক হিসেবে আমি তাতে ভীষণ গর্বিত। বিদায়ের এই মুহূর্ত আমাদের সবার জন্যই আবেগের, তবে আমরা আনন্দিত যে দর্শকদের একটি স্মরণীয় সমাপ্তি উপহার দিতে পারছি।’

ব্যাচেলর গ্যাংয়ের বিদায়ী এই অধ্যায়ের রোমাঞ্চ, হাসি-কান্না আর শেষ মুহূর্তগুলো মিস না করতে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নিয়ে এসেছে দারুণ এক অফার। যাঁদের ব্যাচেলর পয়েন্ট সিজন-৫-এর সিজন পাস রয়েছে, তারা পুরো চ্যাপ্টারটি দেখতে পাবেন একদম ফ্রিতে। আর নতুন দর্শকরা পুরো চ্যাপ্টারের ১২টি এপিসোড উপভোগ করতে পারবেন ৬০ টাকার বদলে মাত্র ৫০ টাকায়!